ন্যূনতম মজুরি দাবি ৮ হাজার টাকা

কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভের মুখে ৯ কারখানা বন্ধ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২১:০৫
ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে কালিয়াকৈরের চন্দ্রায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে। সহিংসতা এড়াতে অন্তত ৯টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকে গাজীপুরের চন্দ্রা এলাকায় নায়াগ্রা টেক্সটাইলস গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থান নিতে থাকে। এসময় তারা আট হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ৪/৫টি যানবাহনও ভাঙচুর করে। এসময় কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে নায়াগ্রা টেক্সটাইল, পার্শ্ববর্তী মাহমুদ গ্রুপের দুইটি কারখানা, ড্রেসমেন ও পল্লী রানী পোশাক কারখানা বন্ধ এবং নূর গ্রুপের চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এসব কারখানার নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।