যুবলীগের হাতাহাতিতে যুক্তরাষ্ট্রে জেলহত্যা দিবসের সভা পণ্ড

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২২:১০
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে নেতৃত্ব নিয়ে কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে। স্পষ্টভাবে ভাগ হয়ে গেছে সংগঠনটি। এরই মধ্যে বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র যুবলীগ। আওয়ামী লীগের কোন্দলের ঢেউ এসে পড়েছে যুবলীগেও। স্থানীয় সময় রবিবার নিউইয়র্কে জেলহত্যা দিবস উপলক্ষে পাল্টাপাল্টি সভা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। আর একাংশের সভায় তুমুল হট্টগোল করেছে যুক্তরাষ্ট্র যুবলীগের বিবদমান দুটি গ্রুপ। এ ঘটনা চরমে পৌঁছলে নিউইয়র্ক পুলিশ এসে সভাটি পণ্ড করে দেয়। আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ এনে বেশ কয়েকজন উপদেষ্টা, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কার্যকরী কমিটির প্রায় এক তৃতীয়াংশ নেতা গত দু’মাস ধরে পৃথকভাবে কার্যক্রমে অংশ নিচ্ছেন। ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে কোনো সভা-সমাবেশ হলে বিক্ষুব্ধ অংশের নেতারা পাল্টা সভা-সমাবেশ করছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র যুবলীগের বিবদমান দুটি গ্রুপ সিদ্দিকুর রহমানের ডাকা সভা-সমাবেশে উপস্থিত থাকলেও কর্তৃত্ব নিয়ে প্রায়ই হট্টগোলে জড়িয়ে পড়ছেন। জেল হত্যা দিবস উপলক্ষে রবিবার সন্ধ্যায় সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জ্যাকসন হাইটের পালকি পার্টি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। অদূরেই কাবাব কিং রেস্টুরেন্টে আয়োজন করা হয় বিক্ষুব্ধ অংশের আলোচনা সভা। পালকি পার্টি সেন্টারের আলোচনা সভায় যুবলীগের একাংশের নেতা মিসবাহ আহমেদের বক্তব্যের সময় আরেক অংশের নেতা তারিকুল হায়দার চৌধুরী দাঁড়িয়ে প্রতিবাদ করলে অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়। এর জের ধরে মিসবাহ ও তরিকুলের সমর্থকেরা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু করে। এ পরিস্থিতিতে হতভস্ব হয়ে পড়েন মঞ্চে বসা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রায় আধঘণ্টা ধরে দফায় দফায় চলে এই ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা। পরিস্থিতি শান্ত না হওয়ায় পালকি সেন্টার কর্তৃপক্ষ পুলিশের সাহায্য কামনা করেন। মুহূর্তেই পুলিশ ঘটনাস্থলে এসে সভার কাজ বন্ধ করে দেয় এবং সবাইকে অনুষ্ঠানস্থল ছেড়ে যাবার অনুরোধ করে। ফলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জেলহত্যা দিবসের আলোচনা সভা পণ্ড হয়ে যায়। এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে কাবাব কিং রেস্টুরেন্টে আয়োজিত জেলহত্যা দিবসের সার্বজনীন স্মরণসভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য ওহিদুর রহমান মুক্তা। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক কূটনীতিক ও কলামিস্ট মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সাইফুল ইসলাম রহিম, ডা. মাসুদুল হাসান, সহ-সভাপতি জয়নাল আবেদীন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি কামান্ডার নূরন্নবী ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল প্রমুখ।