কংগ্রেস এমপির বিরুদ্ধে শ্বেতার মামলা প্রত্যাহার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২২:২১
ভারতের কংগ্রেসের এমপি পিথামাবারা কুরুপের বিরুদ্ধে আনা যৌন হয়রানির মামলা প্রত্যাহার করেছেন বলিউড ও মালায়ালাম ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা মেনন। রবিবার রাতে তিনি থানায় দায়ের করা অভিযোগ নিয়ে আর সামনে না এগুনোর ঘোষণা দেন। কোনো চাপের মুখে মামলা প্রত্যাহার করছেন না বলেও জানান শ্বেতা। তিনি বলেন ওই কংগ্রেস এমপি তার কাছে ব্যক্তিগতভাবে এবং প্রকাশ্যে জনগণের উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন। তাই নিজের গুরু, পরিবার, স্বামী ও শুভাকাঙ্খীদের সাথে কথা বলেই অভিযোগ প্রত্যাহার করেছেন তিনি। খবর এনডিটিভির’র। বলিউডে ৩০টিরও বেশি সিনেমায় অভিনয় করা শ্বেতা অভিযোগ করেছিলেন, গত ১ নভেম্বর কেরালার কোলাম অঞ্চলের এক অনুষ্ঠানে তাকে শ্লীলতাহানি করেন কংগ্রেসের স্থানীয় এমপি এন পিথামাবারা। শ্বেতা অভিযোগ করেন, ওই এমপি বিভিন্ন অজুহাতে তার গায়ে হাত দিচ্ছিলেন। টিভি ফুটেজেও দেখা যায় একই চিত্র। শ্বেতা বিরক্তি প্রকাশ করলেও তিনি নিবৃত হননি। পরে তিনি থানায় যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর স্থানীয় কংগ্রেস সমর্থকরা শ্বেতার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। তারা এই অভিনেত্রীর কুশপুত্তলিকাও দাহ করে। এমন পরিস্থিতিতে ন্যায়বিচার পাবার জন্য শ্বেতা কেরালার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ চান। পিথামাবারা প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে তিনি শ্বেতা, তার বাবা ও স্বামীর সাথে কথা বলে দুঃখ প্রকাশ করেন। এরপর তিনি জনগণের উদ্দেশে দুঃখ প্রকাশ করেন।