মার্কিন কংগ্রেসম্যান স্টিভ শ্যাবট আজ আসছেন

আপডেট : ০৪ নভেম্বর ২০১৩, ২২:২২
যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান স্টিভ শ্যাবট আজ ৫ নভেম্বর ঢাকা আসছেন। বাংলাদেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এই সফরে তিনি প্রধান প্রধান দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, চলমান আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করবেন। স্টিভ শ্যাবট ১৭ বছর ধরে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য থেকে কংগ্রেস-ম্যান হিসাবে নির্বাচিত হয়ে আসছেন। তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংশ্লিষ্ট পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। কংগ্রেসম্যান স্টিভ শ্যাবট আজ মঙ্গলবার সকালে ঢাকা এসে পৌঁছবেন ও আগামীকাল বুধবার রাতে যুক্তরাষ্ট্র ফিরে যাবেন। আজ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাত্ করবেন বলে জানা যায়। আগামীকাল বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।