ভারতের আসাম রাজ্যে দীপাবলির রাতে বিচ্ছিন্নতাবাদি একটি গোষ্টির সশস্ত্র তাণ্ডবে ৭জন নিহত হয়েছে। ওই গোষ্টির নাম জিএনএলএ। রাজ্যের গোয়ালপাড়ায় দীপাবলির রাতে তারা বেপরোয়া গুলিবর্ষণ করে। গুলিতে সাতজন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেছে, ঘটনাস্থলে পুলিশ দেরি করে পৌঁছেছে। অন্যথায় হতাহতের সংখ্যা কম হতো। খবর জি নিউজের।
সূত্র জানায়, রবিবার রাতে আগিয়া থানার অন্তর্গত গেঁদামারি এলাকায় গুলি চালায় মেঘালয়ের গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জিএনএলএ)। মুহুর্মুহু গুলিবর্ষণে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়। আহত অবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে মৃতদের সনাক্ত করা হয়েছে। ঘটনার পর এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। গোটা এলাকা জুড়ে টহল দিচ্ছে পুলিশ।
আগামী ১৩ থেকে ২৫ নভেম্বর রভা হাসং অটোনমাস কাউন্সিলের নির্বাচনকে ঘিরে গত ২০ অক্টোবর থেকেই হিংসাত্মক চেহারা নিয়েছে গোয়ালপাড়া। ২০০৯ সাল থেকেই পৃথক রাজ্যের দাবিতে সন্ত্রাস চালাচ্ছে মেঘালয়ের গারো পার্বত্য জঙ্গলভিত্তিক সংগঠন গারো ন্যাশনাল লিবারেশন আর্মি।
