নির্বাচন কমিশনকে (ইসি) দ্রুত তফসিল ঘোষণা করে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল। গতকাল সোমবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে জোট নেতৃবৃন্দের বৈঠকে এই আহ্বান জানানো হয়।
বৈঠক শেষে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, সময় চলে যাচ্ছে। ইসির উচিত নির্বাচনের তফসিল ঘোষণা করে সংবিধান অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। ১৪ দলের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, আগামী ৬ নভেম্বর পেশাজীবী সংগঠন, ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা, বিভিন্ন অসাম্প্রদায়িক, সামাজিক, সাংস্কৃতিক ও নারী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবে কেন্দ্রীয় ১৪ দল। ৯ নভেম্বর কেন্দ্রীয় ১৪ দলের নেতারা পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামের ক্ষতিগ্রস্ত এলাকা সফর করবে এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৪ নভেম্বর থেকে কেন্দ্রীয় নেতারা দেশের বিভিন্ন জেলায় জনসভায় বক্তব্য রাখবেন।
পাবনার সাঁথিয়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার কঠোর সমালোচনা করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ সংলাপে আগ্রহী। তবে গুলি, বোমাবাজি, নাশকতা এবং সংলাপ এক সাথে চলতে পারে না। সংলাপে আসতে হলে হরতাল প্রত্যাহার করতে হবে। বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হরতালে শিক্ষার্থীদের ভোগান্তি হচ্ছে। তাদের মনোবল নষ্ট করে দেবেন না। এই অমানবিক কর্মসূচি প্রত্যাহার করুন।
বৈঠকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীলনকশা বাস্তবায়নকারী আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেন ১৪ দল নেতৃবৃন্দ। এছাড়া ওয়ানডে সিরিজে নিউজিল্যাণ্ডকে ‘হোয়াইট ওয়াশ’ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানানো হয়।
কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খানের সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণ আজাদী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ডা. শহিদুল্লাহ শিকদার, ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাম্যবাদী দলের ধীরেন সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন ।
