সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৩ ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া শিশু প্রারম্ভিক যত্ন ও বিকাশের নীতিমালার খসড়া এবং ফরমালিন নিয়ন্ত্রণ আইনের খসড়াও মন্ত্রিসভায় অনুমোদন লাভ করেছে। ফরমালিন নিয়ন্ত্রণ আইনের খসড়ায় লাইসেন্স ছাড়া ফরমালিন ব্যবহারে তিন থেকে ১০ বছর পর্যন্ত শাস্তির বিধান এবং পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ফরমালিন বিক্রির লাইসেন্সের শর্ত ভাংলেও একই মেয়াদের শাস্তি ও অর্থদণ্ড প্রযোজ্য হবে। গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে শেখ হাসিনা ক্রিকেটে নিউজিল্যান্ডকে ‘হোয়াইট ওয়াশ’ করার জন্য বাংলাদেশ ক্রিকেট দল ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুঁইয়া প্রেস ব্রিফিংয়ে বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইনে সাংবাদিকদের জন্য তহবিলের আওতা বাড়ানো হয়েছে। আগে আর্থিকভাবে অসচ্ছল এবং মারা গেলে সহায়তা পেতেন সাংবাদিকরা। এখন থেকে সহায়তা দেয়া হবে অসুস্থদেরও। এই আইনে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বৃত্তির ব্যবস্থা রাখা হয়েছে। সরকারের অনুমোদন সাপেক্ষে বিদেশে নেয়া যাবে। শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের নীতিমালার খসড়ায় গর্ভাবস্থা থেকে আট বছর পর্যন্ত শিশুর বিশেষ যত্নের কথা বলা হয়েছে।
