সিজন ও মাহির প্রভাতফেরি
সিজন ও মাহির প্রভাতফেরি একখানি শিশুতোষ গল্পগ্রন্থ। এটি লিখেছেন আমিনুর রহমান সুলতান। আমিনুর রহমান সুলতান আমাদের সাহিত্য অঙ্গনের একটি সুপরিচিত নাম। ছোটদের জন্য তার লেখালেখি কম নয়। ইতোমধ্যে তার আরো দুটি বই প্রকাশিত হয়েছে। বই দুটি হলো ছোটদের বঙ্গবন্ধু ও সকালবেলার পাখি। ছোটদের বঙ্গবন্ধু বইটি অনেকের কাছে সমাদৃত হয়েছে।
আলোচ্য বইটিতে সংকলিত হয়েছে মোট সাতটি গল্প। গল্পগুলো হলো: সিজন ও মাটির প্রভাতফেরি, টুসি, রোদেলার গল্প, শেওড়াতলার রহস্য, টেরাগড়ের খায়ের ও একটি ট্রেনের গল্প, আইজউদ্দিনের বেহালা ও লোনার প্রতাকা। এসব গল্পে আমাদের মহান ভাষা আন্দোলন, ক্রিকেট খেলা, গ্রামের প্রকৃতি, রহস্য, স্লিপার ওঠা ট্রেনলাইন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের নিটোল ছবি আঁকা হয়েছে।
সংকলিত সর্বশেষ গল্প আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে লেখা। এটি খুবই সুন্দর। মুক্তিযোদ্ধা দাদুর কথা, লোনার আত্মত্যাগ ও বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক আহ্বান ও নির্দেশনার চিত্র ফুটে উঠেছে। এটি শুধু গল্প না, বাস্তব জীবনের ছবি। সংকলিত অন্য গল্পগুলোও ভালো। সহজ-সরল ভাষায় লেখা। সিজন ও মাহির প্রভাতফেরি প্রকাশিত হয়েছে বাংলাদেশ শিশু একাডেমী থেকে। বইটির অপূর্ণ প্রচ্ছদ ও ভেতরের অলঙ্করণ শিল্পী আজিজুর রহমানের আঁকা। এটির মূল্য আশি টাকা মাত্র। বইটি ছোটদের কাছে আদৃত হবে।
খালেক বিন জয়েনউদদীন
