প্রথম বন্ধু :আমাদের দেশে আর পাঁচ বছর পর কী হবে বলতো?
দ্বিতীয় বন্ধু :কী আর হবে! এখন যেহেতু ২০১৩ সাল তখন নিশ্চয়ই ২০১৮ হবে!
এলাকায় আসা এক আগন্তুককে অনেকক্ষণ ধরে কিছুটা হাঁটার পর পর কিছুটা দৌঁড়াতে দেখে এলাকার তরুণদের সন্দেহ হলো। তারা ওই আগন্তুকের গতি রোধ করে জানতে চাইল, ‘কী ব্যাপার বলুন তো? আপনার আচরণ তো খুবই সন্দেহজনক বলে মনে হচ্ছে। এভাবে একটু পর পর দৌড়াচ্ছেন কেন?’ উত্তরে ওই আগন্তুক জানালেন—
‘না মানে শুনেছি এ এলাকায় নাকি পাগলা কুকুরের খুব উপদ্রব। তা কুকুর তাড়া করলে তো দৌড়াতেই হবে। আর তখন যাতে কুকুর আমাকে ধরতে না পারে তাই আগে থেকেই কয়েক পা এগিয়ে রাখছি আর কি!’
দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে শফিক। তাই বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় খেতে গেল সে। এদিকে রেস্তোরাঁর দারোয়ান তাদের প্রবেশপথে আটকে দিল। বলল, ‘দুঃখিত স্যার, আপনি হাফপ্যান্ট পরে এসেছেন। হাফপ্যান্ট পরে আমাদের রেস্তোরাঁয় প্রবেশ নিষেধ।’
শফিক :ব্যাটা বুদ্ধু, কত বড় সাহস! আমাকে আটকে দিস! তুই জানিস আমি কে? আমি বিখ্যাত দৌড়বিদ শফিক।
দারোয়ান :ভালোই হলো। এক দৌড়ে বাসা থেকে ফুলপ্যান্টটা পরে আসুন!
ঘোড়দৌড়ে হেরে গেছে একটি ঘোড়া। রেগেমেগে জকিকে পাকড়াও করলেন এক ক্ষুব্ধ সমর্থক।
সমর্থক :তুমি কি এর চেয়ে জোরে দৌড়াতে পারতে না?
জকি :পারতাম।
সমর্থক :তাহলে দৌড়ালে না কেন?
জকি :কারণ, আমাকে ঘোড়ার ওপর বসে থাকতে বলা হয়েছে! দৌড়াতে তো বলা হয় নি!
