আদমদীঘিতে বিআর ৪৯ জাতের আমন ধান ফলর্স স্ম্যাট নামক নতুন এক রোগে আক্রান্ত হয়ে নষ্ট হচ্ছে। ধান গাছের রোগ নিরাময়ে বিভিন্ন ওষুধ প্রয়োগ করেও তেমন লাভ না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। কৃষি অফিস সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলায় বিভিন্ন জাতের আমন ধানের আবাদ হয়েছে ১২ হাজার ৪ শত হেক্টর জমিতে। এর মধ্যে বিআর ৪৯ ধান আবাদ হয়েছে সাড়ে ১৩ শত হেক্টর জমিতে। এই ধান আধা পাকার সময় থেকে ফলর্স স্ম্যাট রোগে আক্রান্ত হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে। বাজারে প্রাপ্ত বিভিন্ন প্রকার ওষুধ প্রয়োগ করেও ফল হচ্ছে না। উপজেলা কৃষি অফিসার শাহাদুজ্জামান জানান, আমন ধান পাকার শেষ সময়ে এই রোগে ধান আক্রান্ত হয়ে থাকে। কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন গ্রামের কৃষকদের মাঝে মিটিং, গ্রুপ আলোচনার ব্যবস্থা ও লিফলেট বিতরণ করে ধান গাছের রোগ নিরাময় সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে। ফলর্স স্ম্যাট রোগে আক্রান্ত জমিতে ব্রাভিস্টন, নোইন, অথবা আরবা ওষুধ প্রয়োগ করলে এ রোগ থেকে রক্ষা পাবে ফসল। তবে এই রোগে ফলনের তেমন ক্ষতি হবে না বলে জানান তিনি।
