নিউজিল্যান্ড ক্রিকেট দল হিসেবে এমন কিছু পরাশক্তি নয়। কিন্তু ওয়ানডে বিশ্বকাপের নিয়মিত এই সেমিফাইনালিস্ট দলটি এভাবে সব ফরম্যাট থেকে খালি হাতে বাংলাদেশ থেকে বিদায় নেবে—এটা কল্পনা করা কঠিনই ছিল। এখনও অবশ্য একটা সুযোগ আছে নিউজিল্যান্ডের ঝুলিতে একটা সান্ত্বনাসূচক জয় ঢুকিয়ে নেয়ার। আজ সফরের শেষ ম্যাচে সেই সুযোগটা কাজে লাগাতেই মাঠে নামবে নিউজিল্যান্ড দল।
গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি এই সুযোগ নেয়ার আশাটাই জানালেন, ‘ওয়ানডে সিরিজ হারাটা খুব হতাশাজনক। এখন একটি সিরিজ অন্তত জিতে দেশে ফিরতে চাই। কয়েক মাস পরে এখানেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে ধরনের কন্ডিশনে বিশ্বকাপ হবে তার সঙ্গে পরিচিত হওয়ার এটি একটি চমত্কার সুযোগ।’
বাংলাদেশের বিপক্ষে টানা সাত ওয়ানডে হারলেও এখন পর্যন্ত খেলা দুটি টি-টোয়েন্টিতে সহজ জয়ই পেয়েছে নিউজিল্যান্ড। তারপরও বাংলাদেশের বিপক্ষে আজ জয় পাওয়াটা চ্যালেঞ্জের ব্যাপার হবে বলেই মনে করছেন তিনি, ‘কঠিন কন্ডিশনে খেলা হবে। গতকাল বিশ্রাম নিয়ে সবাই সতেজ। টি-টোয়েন্টি ম্যাচের জন্য সাগ্রহে অপেক্ষা করছি আমরা।’
বাকি দুই ফরম্যাটের চেয়ে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টিতেই সাফল্য বেশি। তাই প্রশ্নটা উঠেই গেল যে, এটাই তাদের সবচেয়ে প্রিয় ফরম্যাট কি না। সাউদি অবশ্য বললেন, ‘আমরা সব ফরম্যাটেই ভালো দল। ওয়ানডেতে ভালো খেলেছি। তবে এখানে হেরে যাওয়াটা হতাশাজনক। দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে। তাদের শেখার দারুণ সুযোগ।’দেখা যাক, সেই সুযোগটা নিউজিল্যান্ড কাজে লাগায়, নাকি বাংলাদেশ আরেকটি জয়ে মুড়িয়ে রাখে পুরো সফর!
