তামিম আউট সৌম্য ইন!

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২২:০৭
শারীরিক অবস্থার কারণে শেষ ওয়ানডেটা খেলতে পারেননি তামিম ইকবাল। তখনই সংশয় তৈরি হয়েছিল তার একমাত্র টি-টোয়েন্টি খেলা নিয়ে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়া হলো, তামিম ইকবাল এই টি-টোয়েন্টি খেলতে পারছেনই না। তার সুস্থ হয়ে উঠতে আরও সপ্তাহ দুয়েক সময় লাগবে। তামিম ইকবাল না থাকায় উদ্বোধনী জুটিতে আরও একবার পরিবর্তন আসাটা এখন সময়ের ব্যাপার। আর দলের কিছু সূত্র বলছে, সেই জায়গায় আজ সামসুর রহমান শুভর সঙ্গী হয়ে যাচ্ছেন সবেমাত্র দলে ডাক পাওয়া তরুণ অলরাউন্ডার সৌম্য সরকার। আজ এই নিশ্চিত পরিবর্তন মাথায় রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে সফরের শেষ ম্যাচ, একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর ১টা ৩০ মিনিট থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচটি যথারীতি সরাসরি সমপ্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও গাজী টেলিভিশন। সফরের শেষ ম্যাচে এসে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সামনে দু’ধরনের চ্যালেঞ্জ আছে। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হলো সফরের পারফরম্যান্স ধরে রাখা এবং টি-টোয়েন্টিতে জয়ের স্রোতে আসা। আর নিউজিল্যান্ডের জন্য চ্যালেঞ্জ সফর থেকে একটা অন্তত জয় নিয়ে ফেরা। নিউজিল্যান্ড বাংলাদেশের থেকে সব ধরনের ক্রিকেট র্যাংকিংয়েই এগিয়ে থেকে বাংলাদেশ সফরে এসেছিল। কিন্তু বাংলাদেশে জয় বস্তুটা এখনও অধরা রয়ে গেছে তাদের। তাদের ভাগ্য একদিক থেকে ভালোই বলতে হবে যে, দুটি টেস্টেই বাংলাদেশ এগিয়ে থাকা অবস্থায় ড্র হয়েছে। ওয়ানডেতে আর ভাগ্যের সে ছোঁয়া পায়নি তারা। তিন ম্যাচ সিরিজে আরও একবার হোয়াইট ওয়াশ হয়েছে। ফলে একটি জয় অন্তত আজ প্রাণপনে চাইবে ব্ল্যাক ক্যাপসরা। বিপরীতে বাংলাদেশের চাওয়া হবে নিজেদের টি-টোয়েন্টি রেকর্ডের বিপক্ষে লড়ে আসন্ন বিশ্বকাপের আগে একটা অনুপ্রেরণার জয় ঝুলিতে পুরা। নিউজিল্যান্ডের বিপক্ষে এখনও পর্যন্ত দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে কখনো জয় পায়নি বাংলাদেশ। ফলে এই রেকর্ডটাও ভাঙা একটা চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ নিতে আজ তুলনামূলক তরুণতর দল নিয়ে মাঠে নামবে। সাকিব, তামিম তো থাকছেনই না। সঙ্গে আজ মাশরাফি বা রুবেলের মধ্যে যে কোনো একজন পেসার বিশ্রামে যাবেন। সেখানে আল আমিনের অভিষেক বা জিয়াউর রহমানের ফেরা অনেকটা নিশ্চিত। দেখার বিষয়, তরুণরা কিভাবে নেয় এই চ্যালেঞ্জ।