বাংলাদেশ সফররত মার্কিন কংগ্রেসম্যান স্টিভ শ্যাবট বলেছেন, তার দেশ বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে যে সংকট দেখা দিয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র আশা করে প্রধান দুইনেত্রী একসঙ্গে বসে তার সমাধান করবেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মতামত ব্যক্ত করেন। বেগম জিয়া কংগ্রেসম্যানকে জানান, সরকার যে কোনো সময় সংলাপের জন্য আহ্বান করলে বিএনপি তাতে সাড়া দিতে প্রস্তুত। এজন্য সব ধরনের ছাড় দিতে প্রস্তুত রয়েছে। তবে সরকারের থেকেই তেমন সাড়া মিলছে না।
সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে চেয়ারপারসনের গুলশানস্থ বাসভবনে তারা এ বৈঠকে মিলিত হন। এ সময় মার্কিন উপ-রাষ্ট্রদূত জন ড্যানি লুয়িস, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টিভ শ্যাবট বলেন, এদেশের জনগণের মত মার্কিন যুক্তরাষ্ট্রও সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। এ ব্যাপারে বাংলাদেশ সরকার কোনো সহায়তা চাইলে তারা তা করতে রাজি আছেন। তিনি সাংবাদিকদের বলেন, সহিংসতা এড়িয়ে চলার কোনো বিকল্প নেই। সংঘাত-সংঘর্ষ পরিহার করে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিজেদের মধ্যে আলাপ-আলোচনায় বসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
সাক্ষাতের পর বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী জানান, বেগম জিয়া মার্কিন কংগ্রেসম্যানকে বলেছেন- জনগণের মত বিএনপিও চলমান সংকটের সমাধান চায়। এছাড়া খালেদা জিয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে নিজেদের অবস্থানও ব্যাখ্যা করেছেন। শমসের মুবিন জানান, বৈঠকে যুদ্ধাপরাধের বিচার বিষয়ে কিছু কিছু আলাপ হয়েছে। বিরোধীদলীয় নেতা তাদের বলেছেন- বিএনপি এই বিচার আন্তর্জাতিক মানের দেখতে চায়। জবাবে মার্কিন কংগ্রেসম্যানও এ বিচারের কিছু কিছু বিষয় নিয়ে তাদের উদ্বেগের কথা বেগম জিয়াকে বলেছেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।
বাংলাদেশের রাজনৈতিক
কর্মকাণ্ড সহিংসতামুক্ত
হতে হবে :স্টিভ শ্যাবট
বিশেষ প্রতিনিধি
সফররত মার্কিন কংগ্রেসম্যান স্টিভ শ্যাবট বাংলাদেশের বর্তমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সহিংসতার কোন স্থান নেই। বাংলাদেশের কোন রাজনৈতিক দলেরই সহিংসতার উপর নির্ভর করা ঠিক নয়। নির্বাচনে যে দলই জয়লাভ করুক, সভা-সমাবেশসহ রাজনৈতিক কর্মকাণ্ড হতে হবে সহিংসতামুক্ত। প্রধান দুই রাজনৈতিক দলকে তাদের প্রচারণায় এই সত্যতা তুলে ধরতে হবে। কংগ্রেসম্যান শ্যাবট দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার ঢাকা আসেন। সকালে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন মার্কিন কংগ্রেসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংশ্লিষ্ট পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান স্টিভ শ্যাবট। তিনি আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় আমরা অনেক বিষয়ে একমত হয়েছি। সহিংসতার উপর কোন পক্ষেরই আশ্রয় নেয়া উচিত নয়। সাম্প্রতিক সহিংসতায় শিশুসহ অসংখ্য অসহায় মানুষ আক্রান্ত হচ্ছে কিংবা প্রাণ হারাচ্ছে। সভা-সমাবেশ শান্তিপূর্ণ ও সহিংসতা মুক্ত হতে হবে।
