কুড়িয়ে পাওয়া ককটেলকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে এক শিশুর মুখ ঝলসে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরীর খুলশী থানার ঝাউতলা কলোনিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল বিস্ফোরণে কলোনির বাসিন্দা সুরমা (৯) ও লাল মিয়া (১০) নামে দুই শিশু আহত হয়েছে। তারা খেলার সময় কলোনীর মাঠে ককটেলটি দেখতে পায়। বল ভেবে হাতে নিতে গেলে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সুরমার হাত ও মুখ ঝলসে যায়। তবে লাল মিয়ার আঘাত তেমন গুরুতর নয়। আহত সুরমাকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এদিকে চট্টগ্রামে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে ১৮ দলের ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির কার্যালয়ের সামনে দু‘টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ৮টায় স্টেশন রোডে হরতালের সমর্থনে বের হওয়া মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হলে দুই সাংবাদিক আহত হন। এরা হলেন, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন শামসুল আলম বাবু ও দেশ টিভির ক্যামেরাপার্সন মো. হাসান। দুপুরে দেওয়ানহাট এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মিছিল বের হলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। বিকালে জুবিলি রোডে দু’টি সিএনজি অটোরিকশা ভাংচুর করে হরতাল সমর্থকরা।
