রাজধানীতে ককটেল ফাঁকা গুলি, সংসদ ভবন এলাকায় উত্তেজনা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২২:৩০
বিরোধীদলের ডাকা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন রাজধানীতে সচিবালয়সহ অধিকাংশ অফিস-আদালতে হাজিরা ও কার্যক্রম প্রায় স্বাভাবিক ছিল। ব্যাংকে লেনদেন হয়। বিমান, রেল ও লঞ্চ চলাচল করেছে। রাজধানীর বিভিন্ন সড়কে অতীতের হরতালের সময়ের চেয়ে বেশিসংখ্যক যানবাহন চলাচল করেছে। অনেক সড়কে প্রাইভেট গাড়িও চলাচল করতে দেখা যায়। তবে দূরপাল্লার রুটে কোন বাস ছেড়ে যায়নি এবং আসেনি। পিকেটিংকালে রাজধানীর বিভিন্নস্থান থেকে ৩৮ জনকে আটক করে পুলিশ এবং একজনকে সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। হরতাবিরোধী মিছিল-সমাবেশ ও অবস্থান কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী রাজপথে সরব ছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভোর সাড়ে ছয়টায় কারওয়ান বাজারে ওয়াসার গলি থেকে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল বের হয়। এ সময় ৪/৫টি ককটেল বিস্ফোরণ হয়। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। বেলা ১১টার দিকে বিরোধীদলের সংসদ সদস্যরা মহিলা এমিপদের নিয়ে সংসদ ভবন চত্বরে মিছিল করেন। মিছিল করার পর সমাবেশ করে বিরোধীদলের সংসদ সদস্যরা ন্যাম ফ্ল্যাটের দিকে যাওয়া পথে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সময়ে মানিক মিয়া এভিনিউয়ে অবস্থান নিয়ে যুব মহিলা লীগের কর্মীরা হরতাল বিরোধী শ্লোগান দেয়। সে সাথে তারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে উদ্দেশ্য করে নানা শ্লোগান দেয়। ন্যাম ফ্ল্যাটের সামনে মানিক মিয়া এভিনিউতে লাঠিসোঁটা নিয়ে অবস্থানরত যুব মহিলা লীগের নেতাকর্মীরা বিরোধী দলেয় সংসদ সদস্যরা সংসদ ভবনের দক্ষিণ গেটের কাছে গেলে তাদেরকে ধাওয়া দেয়। এ সময় আওয়ামী লীগ দলীয় দুই সংসদ সদস্য যুব মহিলা লীগের সভাপতি নাজমা আখতার ও সাধারণ সম্পাদক অপু উকিল উপস্থিত ছিলেন। যুব মহিলা লীগের কর্মীরা সংসদ ভবন চত্বরে প্রবেশ করে বিরোধীদলীয় সদস্যদের উপর হামলার চেষ্টা করলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। বিরোধীদলের সংসদ সদস্যরা সংসদ ভবনে গিয়ে চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের দফতরে দীর্ঘসময় অবস্থান করেন। জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের জানান, আমাদের সংসদ সদস্যরা শান্তিপূর্ণ মিছিল শেষে ন্যাম ফ্লাটের বাসায় ফেরার সময় যুব মহিলা লীগের কর্মীরা লাঠিসোঁঠা নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করে। যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল জানান, গত সোমবার বিএনপি সংসদ সদস্যরা বহিরাগতদের নিয়ে সংসদ এলাকায় মিছিল-সমাবেশ করেন। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটাক্ষ করেন। এর প্রতিবাদে যুব মহিলা লীগের কর্মীরা মানিক মিয়া এভিনিউতে বিএনপির সংসদ সদস্যদের প্রতিহত করার লক্ষ্যে জড়ো হন। তবে তারা সংসদে প্রবেশ বা কারো উপর হামলার চেষ্টা করেননি। দুপুর আড়াইটায় ২ টায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের ২/৩টি ককটেল বিস্ফোরণ ঘটে। কেউ হতাহত হয়নি।