গ্রামীণ ব্যাংক বিল পাস

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২২:৩১
বহুল আলোচিত গ্রামীণ ব্যাংক বিল-২০১৩ গতকাল মঙ্গলবার রাতে জাতীয় সংসদে পাস হয়েছে। বিলে গ্রামীণ ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া ব্যাংক কোম্পানি সংক্রান্ত বলবত্ অন্য যে কোন আইনের বিধানসমূহও এখন থেকে গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ব্যাংকের পরিশোধিত মূলধন হবে ৩০০ কোটি টাকা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি উত্থাপন করার পর পাস করার প্রস্তাব করেন। বিরোধী দলের সদস্যরা বিলটির ব্যাপারে জনমত যাচাই-বাছাইসহ সংশোধনীর প্রস্তাব দেন। কিন্তু তাদের অনুপস্থিতিতে কোন প্রস্তাবই সংসদে উত্থাপিত হয়নি। ফলে বিলটি কণ্ঠভোটে পাস হয়। গত ২৭ অক্টোবর অর্থমন্ত্রী বিলটি সংসদে উপস্থাপন করেছিলেন। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে চূড়ান্ত রিপোর্ট দেয়ার পর পাস হয়। বিলে বলা হয়েছে, সামরিক শাসনামলে জারি করা অর্ডিন্যান্স ১৯৮৩ অধীনে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নতুন আইনে এমনভাবে বহাল থাকবে যেন, তা এই আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে। এতে করে এই ব্যাংক এখন থেকে সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ দ্বারা পরিচালিত হবে। বোর্ডের একজন চেয়ারম্যান থাকবেন যিনি সরকার নিযুক্ত পরিচালকদের মধ্যে থেকে সরকার কর্তৃক নিযুক্ত হবেন। নির্বাচিত পরিচালকদের কার্যকাল হবে তিন বছর। কোন পরিচালক একাধিকক্রমে দুই মেয়াদ পরিচালক থাকার পর তিন বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত আর পরিচালক পুনঃনির্বাচিত হতে পারবেন না। নতুন আইনে গ্রামীণ ব্যাংকের বোর্ড গঠিত হবে সরকার কর্তৃক নিযুক্ত তিনজন প্রতিনিধি এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ঋণ গ্রহীতা শেয়ার হোল্ডার কর্তৃক নির্বাচিত নয়জন ব্যক্তি দ্বারা। তবে বিলের ১৩ দফা বলে, বোর্ডে কোন শূন্যতা বা বোর্ড গঠনে ত্রুটি থাকার কারণে বোর্ডের কোন কাজ বা কার্যধারা অবৈধ হবে না। গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগ প্রসঙ্গে বিলে বলা হয়েছে, বোর্ড বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমোদন নিয়ে বাছাই কমিটির সুপারিশকৃত তিনজনের প্যানেল থেকে ব্যবস্থাপনা পরিচালক বা এমডি নিয়োগ করবে। যিনি ব্যাংকের প্রধান নির্বাহী হবেন এবং অনধিক ৬০ বছর পর্যন্ত চাকরিতে বহাল থাকতে পারবেন। এমডি নিয়োগের জন্য প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে চেয়ারম্যান, বোর্ডের সাথে পরামর্শক্রমে অন্যূন তিনজন এবং অনধিক পাঁচজন সদস্য সমন্বয়ে একটি বাছাই কমিটি গঠন করবে। বাছাই কমিটি এমডি নিয়োগের জন্য তিন প্রার্থীর একটি প্যানেলের সুপারিশ করবেন। এক্ষেত্রে পল্ল¬ী অর্থনীতি ও অর্থ বা ক্ষদ্র অর্থায়নের ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগণকে অগ্রাধিকার প্র্রদান করা হবে, যার বয়স কোনভাবেই ৬০ বছরের বেশি হবে না। আর এমডি পদ শূন্য হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে বোর্ড কর্তৃক মনোনীত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এমডির দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক ব্যাংকের অনুমোদিত মূলধন হবে এক হাজার কোটি টাকা। এই মূলধনের ২৫ ভাগ সরকার বা তার নিয়ন্ত্রিত সংস্থা বা সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত হবে। বাকি ৭৫ ভাগ ব্যাংকের ঋণ গ্রহীতা দ্বারা নিয়ন্ত্রিত হবে। তবে সরকার সময় সময় ব্যাংকের পরিশোধিত শেয়ার মূলধন বৃদ্ধি করতে পারবে। এছাড়া ব্যাংকের পরিশোধিত মূলধন হবে ৩০০ কোটি টাকা। আরো তিনটি বিল পাস গতকাল রাতে গ্রামীণ ব্যাংক বিল-২০১৩ ছাড়াও আরো তিনটি বিল পাস হয়েছে। এগুলো হলো এশিয়ান রি-ইন্সুরেন্স করপোরেশন বিল-২০১৩, ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিল-২০১৩ এবং পায়রা বন্দর কর্তৃপক্ষ বিল-২০১৩। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এশিয়ান রি-ইন্সুরেন্স করপোরেশন বিল সংসদে উত্থাপন করে পাস করার প্রস্তাব করেন। ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিল শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া উত্থাপন করে পাস করার প্রস্তাব করেন। একইভাবে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান পায়রা বন্দর কর্তৃপক্ষ বিল উত্থাপন করে পাসের প্রস্তাব করেন।