পাকিস্তানের করাচিতে ২৪ ঘন্টায় সন্ত্রাসীদের বিক্ষিপ্ত গুলিতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এর মধ্যে ১১ জন নিহত হয়েছে গতকাল মঙ্গলবার দিনে এবং ৯ জন নিহত হয়েছে সোমবার রাতে। সন্ত্রাসীরা বাছবিচার না করেই এলোপাতাড়ি গুলি ছুড়েছে। সন্ত্রাসীদের সনাক্ত করা যায়নি। গতকাল সকালে কয়েকজন সন্ত্রাসী নগরীর গুলশান-ই-ইকবাল এলাকায় গিয়ে মোটরসাইকেলে বসেই বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু করে। এতে এক ঘোড়সওয়ার নিহত হন। তার ঘোড়াটিও মারা যায়। কোরাঙ্গি শিল্পাঞ্চলে চামরা চৌরাঙ্গী হোটেলের পাশে গুলিবর্ষণে দু’জন নিহত হয়। এদিকে লিয়ারি এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় আরেকজন।
অপরদিকে, ডিফেন্স মোড়ে পাকিস্তান মুসলিম লিগের কাউন্সিলরসহ দুইজন সন্ত্রাসীদের উন্মুক্ত গুলিবর্ষণে নিহত হন। একই পৃথক গুলিবর্ষনের ঘটনায় নিহত হন এক মুয়াজ্জিন। কোরাঙ্গি থেকে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। ওরাঙ্গি এলাকার কাতার মোড়ের একটি বাসার সামনে গুলি করে স্বামী স্ত্রীকে হত্যা করে আরেকদল সন্ত্রাসী। ওরাঙ্গির ২ নম্বর এলাকায় গুলিবর্ষণে আরো একজন নিহত হন। এভাবে বিক্ষিপ্ত সন্ত্রাসী তান্ডব চলে শহরজুড়ে।
