‘আল্লাহর দরবারে বিচার দিলাম’

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২২:৪২
‘আমরা কোনো অপরাধ করিনি। এ দেশে কোনো বিচার নেই। আল্লাহর দরবারে বিচার হবে।’ গতকাল মঙ্গলবার বিডিআর হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জওয়ানদের সাজা ঘোষণার পর তারা চিত্কার করে এ কথা বলেন। আদালতের রায়ে ১৫২ জন বিডিআর জওয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আর যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে ১৬১ জনকে। এছাড়া সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজার আদেশ হয়েছে ২৫৬ জনের। মৃত্যুদণ্ড ঘোষণার আগে প্রায় ১৪৫ জনকে আসামির কাঠগড়ায় আনা হয়। সাজা ঘোষণার আগেই শোরগোল শুরু করে তারা। কেউ চিত্কার করে বলেন, আমরা আপরাধী নই। আমাদের মৃত্যুদণ্ড দেবেন না। ডিজি মহাদয় আমাদের বাঁচান। তাদের চিত্কারের মধ্যে রায় পড়তে থাকেন বিচারক। ফাঁসির আদেশের পর আসামি জওয়ানদের কেউ বলেন, আল্লাহর দরবারে বিচার হবে। আবার কেউ বলেন, এদেশে বিচার নেই। এর আগে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা চিত্কার শুরু করলে আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম তাদের শান্ত করার চেষ্টা করেন। তিনি মাইক্রোফোনে বলেন, আপনারা কেউ কথা বলবেন না। আমি আপনাদের হয়ে লড়েছি। আপনাদের ওপর আমার অধিকার আছে। এর পর আরো আদালত আছে। আমরা সেখানে আপিল করব। দয়া করে কেউ কথা বলবেন না; কিন্তু জওয়ানরা তাঁর কথায় শান্ত হন না। আবার গাড়িতে উঠানোর সময় কেউ কেউ গণমাধ্যম কর্মীদের গালি দিতে থাকেন।