সর্বদলীয় সরকারের নির্বাচনে বিএনপি অংশ নেবে :হানিফ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৩, ২২:৪৪
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারির আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মাহবুব-উল-আলম হানিফ বলেন, নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই গঠন করা হবে সর্বদলীয় সরকার। আগামী ১৪ নভেম্বর শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকার গঠন করবেন। যারা সংসদে প্রতিনিধিত্ব করছে তাদের নিয়েই এ সরকার গঠন করা হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ।