দীর্ঘ একটি মাস রোজা রাখার পর উদযাপিত হয় ঈদ। সকল ভেদাভেদ ভুলে বিশ্বের সকল মুসলিম উদযাপন করে ঈদ আনন্দ। প্রত্যেকের বাড়িতেই থাকে কমবেশি উত্সবের খাবারের আয়োজন। প্রত্যেকেই সেজে ওঠে নতুন পোশাকে। পবিত্র রমজান মাসে দীর্ঘ একটি মাস রোজা ও সংযমের কারণে উত্সবের দিন চেহারায় এমনিতেই এসে যায় অস্বাভাবিক লাবণ্য। ঈদের খুশির প্রকাশ এমনিতেই করে তোলে প্রত্যেককে প্রাকৃতিকভাবে সুন্দর। তারপরও যেহেতু উত্সব, তাই বাড়তি কিছু প্রচেষ্টা বা প্রস্তুতিতে থাকবেই। ঈদের দিনের সাজ নিয়ে লিখেছেন মিউনী’স ব্রাইডালের স্বত্বাধিকারী ও রূপ বিশেষজ্ঞ তানজিমা শারমিন মিউনী
মুখের মেকআপ
প্রত্যেকের ত্বকেরই একটি ন্যাচারাল শেড রয়েছে। ত্বকের সেই ন্যাচারাল সেডটিকেই হাইলাইট করার চেষ্টা করুন। খেয়াল রাখুন ফাউন্ডেশনের ব্যবহারের কারণে আপনার ত্বকের ন্যাচারাল টোন যেন হারিয়ে না যায়। ঈদের দিন আবহাওয়া গরম থাকবে যেহেতু গ্রীষ্মকাল এবং বাইরে রোদের তাপ। তাই ফাউন্ডেশন হওয়া প্রয়োজন এসপিএফ সমৃদ্ধ ওয়াটারপ্রুফ। তাহলে সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাবে ত্বকের ক্ষতি হবে না এবং গরমের ঘামের কারণে মেকআপ নষ্টও হবে না। ঈদের সকাল, সন্ধে ও রাতের সাজটা পোশাকের সঙ্গে মিল রেখেই করুন। দিনের আলোয় মেকআপের খুঁত খুব সহজেই ধরা পড়ে তাই হালকা ময়াশ্চার ফাউন্ডেশন দিনে ও রাতে অপেক্ষাকৃত একটু ভারি বেজ ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। তবে ঈদের সাজে ন্যাচারাল লুকটা বজায় রাখাই ভালো। ন্যাচারাল মেকআপে হালকা হাইলাইটারের ব্যবহার এমনিতে পারে গর্জিয়াস লুক দিতে। হালকা ব্রাশ চিকবোনে, চোখে হালকা আইশেড, কাজল, মাশকারা পছন্দ অনুযায়ী দিন। ঈদের জন্য পোশাকের সঙ্গে মিল রেখে বা পছন্দ অনুযায়ী লিপস্টিক বা নেলপলিশ নিয়েছেন তাই ব্যবহার করুন নিজের মতো করে। ঈদের দিন সবাই হয়ে ওঠে ন্যাচারালি সুন্দর, নিজের মনের ভেতরের প্রশান্তি ও খুশিই হচ্ছে এই দিনের সাজার বিশেষত্ব। তাই এই দিনে নিজেই সাজুন নিজের মনের চাওয়াকে গুরুত্ব দিয়ে।
চুলের সাজ
যেকোনো সাজের ক্ষেত্রে চুলের সাজ খুবই গুরুত্বপূর্ণ। সাজসজ্জাকে ফুটিয়ে তুলতে চুলের সাজ হওয়া চাই চুলের ধরন অনুযায়ী; পোশাক, আবহাওয়া, উত্সব—সবকিছু বিবেচনা করে। ঈদের দিন যেহেতু গরম আবহাওয়া বিরাজ করবে এবং ঈদের সাজে ন্যাচারাল লুকটাই গ্রহণযোগ্যতা পায়, তাই চুলের সাজ হওয়া চাই সাধারণ ও আরামদায়ক। সারা বিশ্বে খোলাচুলের ফ্যাশন যুগ যুগ ধরে গ্রহণযোগ্যতার শীর্ষে রয়েছে। তাই ঈদের দিন চুলের সাজে প্রথমে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করে চুলকে করে তুলুন পরিষ্কার। যদি চুল লম্বা হয় বা মিডিয়াম এবং গরমের কারণে অস্বস্তিবোধ করেন বা বাঁধতে মন চায় তাহলে বিভিন্ন স্টাইলের বেণীর কোনো একটিকে বেছে নিতে পারেন। তবে আঁটসাঁট করে না বেঁধে খোলা চুলের সাজ-ই আপনার ঈদের দিনের সাজের ক্ষেত্রে আপনাকে করে তুলবে আরো অনন্যা।
মেকআপ হালকা বা ভারী হোক, দিন শেষে তা রিমুভ করা অতি জরুরি। ঈদের সারাদিনের আনন্দ উদযাপনের পর মুখে মেকআপ নিয়ে শুয়ে পড়া কিন্তু একদমই উচিত না এবং তাড়াহুড়ো করে কোনো রকমে সাবান দিয়ে মেকআপ ধুয়ে ফেলাও কিন্তু ত্বকের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়ায়। মেকআপ যেমন যত্ন করে করা হয়, তেমনি তোলার সময়ও যত্নের প্রয়োজন। মেকআপ স্টেপ বাই স্টেপ করেছেন। রিমুভিও স্টেপ বাই স্টেপ করা প্রয়োজন। মুখের কাছে থেকে চুল সরিয়ে বেঁধে নিন। হাতে ক্লিনজিং মিল্ক বা লোশন নিয়ে ত্বকের ম্যাসাজ করুন। প্রথম চোখের মেকআপ রিমুভ করুন। কারণ চোখের মেকআপ দেরিতে রিমুভ করলে আইলাইনার ও মাশকারা পুরোপুরিভাবে ওঠে না। তারপর ক্লিনজিং মিল্ক বা লোশন দিয়ে আপস্টোবসের মেকআপ রিমুভ করুন। তুলো পানিতে ভিজিয়ে নিয়ে মুছে নিন। আবারো ম্যাসাজ করুন। তুলে পানিতে ভিজিয়ে নিয়ে মুছে নিন। আবারো ম্যাসাজ করুন। ভালোভাবে মেকআপ রিমুভ করুন। মেকআপ রিমুভ করার পর মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে হালকাভাবে মুছে নিয়ে ক্রিম বা লোশন আলতো হাতে ম্যাসাজ করুন। নাইট ক্রিমও ব্যবহার করতে পারেন।
মডেল ফারিহা ও জিনিয়া
মেকআপ মিউনী’স ব্রাইডাল
পোশাক কে ক্র্যাফট ও ইয়াং কে
ছবি তন্ময় মির্জা
