চার স্থানে ৪জনের অপমৃত্যু

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২১:২৯
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।-খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার শামুকজানি গ্রামে গত মঙ্গলবার বিকালে নূরুল ইসলামের মেয়ে মরিয়ম আক্তার (২৭) নামে এক মহিলা বিষপানে আত্মহত্যা করেন। জানা যায়, তিনি দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। এ ব্যাপারে তাড়াইল থানায় একটি ইউডি মামলা হয়েছে। বেনাপোল (যশোর) বেনাপোলের রাজাপুর গ্রামে গতকাল বুধবার সকালে পুকুরে ডুবে মুস্তাক মোড়ল (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বেনাপোলের পুটখালি ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার সরদার জানান, মুস্তাক মাঠে যাওয়ার সময় পা পিছলে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যান। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে গত মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে ছাদের আলীর ছেলে হারুন অর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে তিনি মারা যান। তিনি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোমপানির কর্মচারী। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সিদ্ধিরগঞ্জ গোদনাইল ভুঁইয়াপাড়া এলাকায় গতকাল বুধবার সকালে কনিকা (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দুই বছর আগে কনিকার সাথে রবিউলের বিয়ে হয়। রবিউল বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিলে কনিকা একা বসবাস করতে পারবে না বলে স্বামীকে জানায়। এ নিয়ে স্বামীর সাথে বেশ কিছুদিন যাবত্ অভিমান চলছে। সিদ্ধিরগঞ্জ থানার এস আই জিন্নত আলী জিন্নাহ জানান, পরিবারের সাথে অভিমান করে কনিকা আত্মহত্যা করেন।