রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের পদমর্যাদা

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২১:৪২
বর্তমান সরকারের অন্যতম বড়ো সাফল্য হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদমর্যাদা দান। কিন্তু বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ সুযোগ থেকে বঞ্চিত। শুধু দ্বিতীয় শ্রেণি প্রাপ্তিই নয়, অন্যান্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চাকরিতে প্রবেশের সময় প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত নির্বিশেষে ১০ম গ্রেডপ্রাপ্তির নিয়ম থাকলেও এই দশটি স্কুলে তা মানা হয় না। এখানে প্রশিক্ষণবিহীন শিক্ষকদের নিম্নতর গ্রেডে প্রবেশ করানো হয়। শুধু তাই নয়, আশিরদশকে বিলুপ্ত হয়ে যাওয়া নিম্নতর গ্রেডের ভার্নাকুলার টিচার, ড্রইং টিচার ও ধর্মীয় শিক্ষকের পদ এখনো এসব স্কুলে বিদ্যমান রয়েছে। এতে এইচএসসি পাস ব্যক্তির সরকারি বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে স্কুলগুলোর প্রতি মেধাবী শিক্ষকরা আগ্রহী হচ্ছেন না। উপরন্তু নিম্ন যোগ্যতাসম্পন্ন শিক্ষকরা শিক্ষকতার সুযোগ পাচ্ছেন। ফলে স্কুলগুলোর পাঠদানের মান দিন দিন হ্রাস পাচ্ছে। এ ব্যাপারে শিক্ষা ও যোগাযোগ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। দীপায়ন দে, দক্ষিণ খুলশী, চট্টগ্রাম