মুচলেকা দিয়ে মুক্তি পেলেন পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ। তবে মুক্তি পেলেও তিনি দেশের বাইরে যেতে পারবেন না। সিন্ধু আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। —খবর ডন এর।
লাল মসজিদের ইমাম আব্দুর রশীদ গাজী হত্যা মামলায় মুচলেকা হিসেবে দুই লাখ রুপি জমা দিয়ে মুক্তি পান মোশাররফ। দেশের বাইরে যাওয়ার নিয়ন্ত্রণ সংক্রান্ত তালিকায় তার নাম থাকায় দেশের বাইরে যেতে পারবেন না। গত সোমবার গাজী হত্যা মামলায় ইসলামাবাদের একটি আদালত তার জামিন মঞ্জুর করেছিল। গতকাল দুই লাখ রুপির মুচলেকা দেয়ার পর ইসলামাবাদের অতিরিক্ত সেশন জজ আদালতের বিচারক ওয়াজিদ আলী তার মুক্তির জন্য লিখিত নির্দেশ দেন। এর আগে বিচারক জেনারেল মোশাররফকে মুচলেকার বিনিময়ে সোমবার জামিন দিতে সম্মত হন। সাবেক প্রেসিডেন্টের আইনজীবী ইলিয়াস সিদ্দিকী জানিয়েছেন, সব মামলায় জামিন পাওয়ায় মোশাররফ এখন মুক্ত। তবে তিনি বাইরে যেতে পারবেন না। আমরা সিন্ধু হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবো। গত এপ্রিল থেকে ইসলামাবাদের নিজ বাগান বাড়িতে গৃহবন্দী আছেন মোশাররফ।
