কারা হাসপাতালে মুরসি

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২২:৩৭
কারা হাসপাতালে রাত কাটালেন মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী আলেকজান্দ্রিয়ার মরু অঞ্চলের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত একটি কারাগারে স্থানান্তর করা হয়েছে। অসুস্থ হওয়ায় তাকে কারাগারের হাসপাতালে স্থানান্তর করা হয়। দেশটির কর্মকর্তারা গতকাল বুধবার এ তথ্য জানান। এদিকে, মুরসির দল মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করার রায় বহাল রেখেছে আদালত। খবর আল-জাজিরা ও এপি’র। সোমবার আদালতে হাজির করার পর তাকে বেসামরিক কারাগারে রাখা হয়েছে। ওই দিন কারাগারে তিনি প্রথম রাত কাটিয়েছেন। গত জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে উত্খাতের পর এই প্রথম তাকে কারাগারে রাখা হলো। এর আগে তাকে গোপন সামরিক স্থাপনায় আটক রাখা হয়েছিল। কারাগারে নিয়ে আসার পর মুরসিকে (৬২) রক্তচাপ এবং রক্তে চিনি বেড়ে যাওয়ার কথা জানালে তাকে কারা হাসপাতালের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। নিয়মিত মুরসির স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে। গত সেপ্টেম্বরে ব্রাদারহুড নিষিদ্ধ করে সরকার। এরপর দলটির নেতারা আদালতে আপিল করলে আদালত সরকারি সিদ্ধান্ত বহাল রাখে।