গার্মেন্টস মজুরি

বোর্ডে আপত্তি জানানোর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চায় বিজিএমইএ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২২:৩৮
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা করার খসড়া প্রস্তাব নিয়ে মজুরি বোর্ডে আনুষ্ঠানিক আপত্তি জানানোর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করতে চায় বিজিএমইএ। নিজেদের অবস্থান ব্যাখ্যা করার পাশাপাশি তারা এ খাতের প্রকৃত চিত্র তুলে ধরতে চান প্রধানমন্ত্রীর কাছে। এ জন্য মজুরি বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের আপত্তি জানাতে আরো এক থেকে দুই দিন সময় লাগতে পারে। মজুরি বোর্ডে মালিক পক্ষের প্রতিনিধি সদস্য আরশাদ জামাল দিপু গতকাল ইত্তেফাককে জানিয়েছেন, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বোর্ডে আমাদের আপত্তি জানাতে চাই। এজন্য চেষ্টা চলছে। সরকার গঠিত মজুরি বোর্ড গত সোমবার ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে খসড়া প্রস্তাব অনুমোদন করেছে। বিজিএমইএ তাত্ক্ষণিকভাবে এতে আপত্তি জানায়। তবে এই প্রস্তাব পুনর্বিবেচনার জন্য তাদের বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানাতে হবে। সে জন্য সময় আছে দুই সপ্তাহ। এর আগে সর্বশেষ ২০১০ সালে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকায় নির্ধারণ করা হয়। ওই সময় মজুরি বোর্ডে মালিক ও শ্রমিক পক্ষ দুই হাজার ৪০০ টাকায় একমত হওয়ার পর প্রধানমন্ত্রী আরো ৬০০ টাকা বাড়ানোর সুপারিশ করেন। তার সুপারিশের পরিপ্রেক্ষিতে তখন তিন হাজার টাকা মজুরি নির্ধারণ করা হয়। এবার বিজিএমইএ চাইছে, প্রধানমন্ত্রী যাতে কমানোর সুপারিশ করেন।