নিলামে গান্ধীর চরকা, মূল্য ১১ কোটি রুপি

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২২:৪৬
ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর বিখ্যাত সেই চরকা ১১ কোটি রুপিতে বিক্রি হয়েছে। মঙ্গলবার লন্ডনে এটি নিলামে তোলা হয়। ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধী নিজের উদ্ভাবিত চরকাটি পুনের ইয়েরওয়াদা কারাগারে থাকাকালে ব্যবহার করতেন। খবর এএফপির। যুক্তরাজ্যভিত্তিক নিলাম প্রতিষ্ঠান মুলকস অকশন এ নিলামের আয়োজন করে। নিলামে চরকাটির ভিত্তি মূল্য ধরা হয় ৬০ হাজার পাউন্ড এবং ১ লক্ষ ১০ হাজার পাউন্ডে বিক্রি হয় এটি। মুলকস গতকাল সাড়ে পাঁচশ’রও বেশি জিনিস নিলামে তোলে। এর মধ্যে প্রায় ২শ জিনিস ভারত সংশ্লিষ্ট এবং এর ভেতর প্রায় ৬০টিই গান্ধীর ব্যক্তিগত ব্যবহূত সামগ্রী। একই সঙ্গে মঙ্গলবার ২০ হাজার পাউন্ড মূল্যে বিক্রি হয় গুজরাতি ভাষায় লেখা গান্ধীর শেষ উইলটিও। স্বাধীনতা আন্দোলনকালে ১৯২০-এর দশকে গান্ধী কারাবরণ করেন। কারাগারে থাকতে তিনি চরকাটি ব্যবহার করেছেন। ওই চরকায় কাটা সুতা দিয়েই তিনি নিজের পরনের কাপড় তৈরি করতেন। কারাগারে দিনের বেশির ভাগ সময়ই তিনি চরকাটি নিয়ে সময় কাটাতেন। তিনি এটাকে বলতেন ধ্যানের একটা উপায়। চরকাটি পরে ১৯৩৫ সালে গান্ধী যুক্তরাষ্ট্রের মিশনারি রেভারেন্ড ফ্লয়েড এ পাফারকে উপহার দেন।