দূতাবাসে হামলা করতে ষড়যন্ত্র ফেসবুকে

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২২:৪৮
ইন্দোনেশিয়ার এক সন্দেহভাজন জঙ্গি মিয়ানমার দূতাবাসে হামলার জন্য ফেসবুকে ষড়যন্ত্র করছিল। রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিশোধ নিতে ওই জঙ্গি এই ষড়যন্ত্র করছিল। সিপারিয়ানো (২৯) নামের ইন্দোনেশিয়ার ওই নাগরিক গতকাল আদালতে দেয়া স্বীকারোক্তিতে জানায়, রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকার যে নিপীড়ন চালাচ্ছে তার প্রতিশোধ নিতে সে জাকার্তায় মিয়ানমার দূতাবাসে হামলার চেষ্টা করছিল। মঙ্গলবার রাতে মোটর সাইকেলে করে বোমা বিস্ফোরণ করতে গিয়ে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। প্রসিকিউটর সুশিলো জানিয়েছেন, সিপারিয়ানো দীর্ঘদিন ধরেই চরমপন্থিদের সঙ্গে যোগাযোগ রাখছিল। তিনি জানান, তারা বোমা বানানোর জিনিসপত্র কিনে ফেসবুকের মাধ্যমে কয়েকজন মিলে বোমা তৈরি করছিল এবং একে অপরের সঙ্গে যোগাযোগ করছিল। - এনডিটিভি