বিএনপিকে ৫ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে সংকট সমাধান সম্ভব হবে

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২২:৪৮
বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) মো: আখতারুজ্জামান প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে নির্বাচনকালীন সরকারে বিএনপিকে পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁ জেলার পোরশায় জনসভায় যুগান্তকারী বক্তব্য প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, সংসদের ৯০ ভাগ আসন থাকা সত্ত্বেও শান্তি ও নির্বাচনের স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে সর্বদলীয় সরকারে বিরোধীদলীয় নেত্রী যে যে মন্ত্রণালয় চাইবেন তিনি তাকে সেই সেই মন্ত্রণালয়ই দেবেন। প্রধানমন্ত্রীর বক্তব্যটি চলমান সংকট নিরসনে চূড়ান্ত পদক্ষেপ হিসাবে ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে। বিবৃতিতে তিনি বলেন, শেখ হাসিনা নিজে প্রধানমন্ত্রী থাকলে যেমন তিনি দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে পারবেন তেমনই বেগম খালেদা জিয়ার নিয়ন্ত্রণাধীন ৫ মন্ত্রীর হাতে জন-প্রশাসন (সাবেক সংস্থাপন), স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, আইন ও বিচার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলে ১৮ দলীয় নেতাকর্মীদের আস্থা ও মনোবলও চাঙ্গা হবে। এ রকম একটি সর্বদলীয় সরকার প্রতিষ্ঠা করে বর্তমান সংসদ বিলুপ্ত হওয়ার পরে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করলে তা গ্রহণযোগ্য হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অবস্থান থেকে সরে যাওয়ার আলামত গভীর রাত থেকেই শুরু হয়ে গেছে। ষড়যন্ত্রকারীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে এবং প্রধানমন্ত্রীর অবস্থান থেকে তাকে সরিয়ে দিয়ে দুই নেত্রীকে পুরাপুরি সংঘাতে নিয়ে এক ঢিলে দুই পাখি মারার সুদূর প্রসারী গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।