শর্ত না দিয়ে সংলাপে আসুন :তথ্যমন্ত্রী

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২২:৪৯
তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বিরোধী দলীয় নেতার উদ্দেশে বলেছেন, শর্ত না দিয়ে সংলাপে আসুন। হরতাল নাশকতা পরিহার করুন। নির্বাচনের ট্রেনে এসে বাংলাদেশকে উন্নয়নে সহযোগিতা করুন। গতকাল বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশে আরো বলেন, আর যদি হরতাল দেন, নাশকতা করেন, শর্ত দেন, তাহলে জঙ্গিবাদী ও যুদ্ধাপরাধীদের যে পরিণতি হয়েছে আপনারও (খালেদা) সে পরিণতি হবে। হাসানুল হক ইনু বলেন, বাংলার মাটিতে তেঁতুল হুজুর, জঙ্গিবাদী ও জামায়াতীদের নিয়ে কোনো নির্বাচন করতে দেয়া হবে না। যুব সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক ও যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা শহীদ সেরনিয়াবাত, হারুনুর রশিদ, ইসমাইল চৌধুরী সম্রাট, মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।