দেশের প্রথিতযশা কবি মহাদেব সাহার চিকিত্সার দারভার নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৯ নভেম্বর উন্নত চিকিত্সার জন্য অসুস্থ এই কবি সিঙ্গাপুর যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সন্ধ্যায় অসুস্থ কবি মহাদেব সাহাকে দেখতে তার উত্তরার বাসায় যান। তিনি ৩০ মিনিটের বেশি সময় ওই বাসায় অতিবাহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী তার শারিরীক অবস্থার খোঁজ-খবর নেন। কবি মহাদেব সাহার স্ত্রীর হাতে ১০ লাখ টাকার একটি চেক তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা রাখেন, চিকিত্সার সব দায়-দায়িত্ব আমার। প্রধানমন্ত্রী মহাদেব সাহাকে জানান, সিঙ্গাপুরে তার চিকিত্সার কোন অসুবিধা হবে না। এ ব্যাপারে সিঙ্গাপুর দূতাবাস তাকে প্রয়োজনীয় সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কবি মহাদেব সাহার লেখনীর প্রশংসা করতে গিয়ে বলেন, আপনার মতো একজন কবি বাঙালি জাতির জন্য বড়ই দরকার। কারণ আপনার লেখনীর মাধ্যমে জাতি অনেক মূল্যবান দিক-নির্দেশনা পেতে পারে।
মহাদেব সাহা রাষ্ট্রীয় ব্যস্ততা এবং দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে তাকে দেখতে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটা আমার পরম পাওয়া। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক সমাজ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং দেশের আপামর মানুষের ভাগ্যোন্নয়নের জন্য আপনার কোন বিকল্প নেই। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। এটা আমাদের গৌরব। দেশের জনগণও আপনাকে চায়।
প্রধানমন্ত্রীর সাথে ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নুল আবেদিন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
