গতি পাচ্ছে না পঞ্চগড় বিসিক শিল্প নগরী

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ২০:৪৯
অনেক সম্ভাবনার পরও পঞ্চগড় বিসিক শিল্প নগরী গতি পাচ্ছে না। তিনটি ক্যাটাগরিতে ৯৬টি প্লটের মধ্যে ২০টি ইন্ডাস্ট্রির অনুকূলে ৫৪টি প্লট বরাদ্দ দেয়া হলেও এখন পর্যন্ত উত্পাদনে আছে মাত্র ৬টি। ৬টির নির্মাণ কাজ চলছে। আবার নতুন করে ৭টি ইন্ডাস্ট্রির জন্য ২৮টি প্লট বরাদ্দ দেয়া হলেও নানা জটিলতায় তারা এখনো প্লট বুঝে পাননি। এখনো বরাদ্দে অপেক্ষায় রয়েছে ১৮টি প্লট। কর্তৃপক্ষ আশা করছে খুব শিগগির এই শিল্প নগরীটি প্রাণ ফিরে পাবে। জেলা শহর থেকে ২ কিলোমিটার দক্ষিণে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক ঘেঁষে ট্রাক টার্মিনালের সামনে ১৫ একর জমিতে গত ২০০৪ সালে ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে প্ল¬ট তৈরি ও অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়। এখানে এ টাইপের ৪ হাজার ৫শ বর্গফুটের ৬৪টি, বি টাইপের ৩ হাজার বর্গফুটের ১৬টি ও সি টাইপের অসমান ১৬টি প্ল¬টসহ মোট ৯৬টি প্ল¬ট রয়েছে। এখন পর্যন্ত ২৭টি ইন্ডাস্ট্রির জন্য ৮২টি প্লট বরাদ্দ দেয়া হলেও উত্পাদনে আছে ৬টি ইন্ডাস্ট্রি। পার্শ্ববর্তী ঠাকুরগাঁওয়ের রাজ্জাক গ্রুপ ‘বাবলু স্পেশালাইজড কোল্ড ষ্টোরেজ’ নামে একটি হিমাগার নির্মাণ করেছে এই শিল্প নগরীতে। অন্য ৫টির মধ্যে রয়েছে পঞ্চগড় অয়েল মিল, জননী উডেন এন্ড স্টীল ফার্নিচার, আমন্ত্রণ বেকারির কারখানা, রাজা গুঁড়া মসলা ও এশিয়া স্যানিটারি। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, বিসিক শিল্প নগরীতে হিমাগার নির্মাণ হওয়ায় কৃষকরা লাভবান হয়েছে। তিনি বলেন, পঞ্চগড় জেলায় প্রচুর পরিমাণে টমেটো ও তরমুজ উত্পাদিত হয়। সংরক্ষণের সুবিধা না থাকায় কৃষকরা এ থেকে অধিক মুনাফা করতে পারছে না। পচনশীল হওয়ায় খুব দ্রুত এগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে। অথচ টমেটো থেকে কেচআপ আর তরমুজ থেকে কোমল পানীয় উত্পাদনের কারখানা হলে কৃষকরা যেমন তাদের উত্পাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে তেমনি বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ব্যাপারে পঞ্চগড় বিসিকের শিল্প সহায়ক কেন্দ্রের উপ-ব্যবস্থাপক মো. জোহুরুল হক বলেন, এখানে শিল্প কারখানা করার জন্য যে পরিবেশ ও সুযোগ সুবিধার প্রয়োজন তার সব কিছুই রয়েছে। কিন্তু স্থানীয় শিল্প উদ্যোক্তারা এগিয়ে আসছে না। শিল্প নগরীতে যারা প্লট নিয়েছে তারা অধিকাংশই জেলার বাইরের লোক। তিনি আশা প্রকাশ করে বলেন, যে সকল ইন্ডাস্ট্রি করার জন্য প্লট বরাদ্দ দেয়া হয়েছে তারা খুব শিগগির কাজ শুরু করবে। পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইকবাল কায়সার মিন্টু বলেন, পঞ্চগড়ের স্থানীয় ব্যবসায়ীরা বিসিক শিল্প নগরীতে ইন্ডাস্ট্রি করতে উদ্যোগী নয়। তারা নিজের জমিতেই বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি স্থাপন করে ব্যবসা করে যাচ্ছে। তিনি বলেন, পঞ্চগড়ে শিল্প ইন্ডাস্ট্রি করার মত অনেক সম্ভাবনা রয়েছে। এখানে কৃষি ভিত্তিক বিভিন্ন কারখানা করার সুযোগ রয়েছে।