দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, পাবনার সাঁথিয়ার শান্তির জনপদে ৭১-এর পরাজিত শক্তি আবার ছোবল মেরেছে। তারা পরিকল্পিতভাবে একটি মিথ্যার আশ্রয় নিয়ে সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর আক্রমণ চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এ অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে।
বুধবার দুপুরে উপজেলার বনগ্রাম বাজারে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গির কবির নানক বলেন, সন্ত্রাসীরা বনগ্রামে হিন্দুদের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, যারা মিথ্যা তথ্য ছড়িয়ে এলাকায় সম্প্রদায়িক হাঙ্গামা লাগাতে চায় তাদের বিষ দাঁত ভাঙা হবে।
এছাড়া সভায় বক্তব্য রাখেন, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান, পাবনা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মদ, পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু প্রমুখ। অতিথিরা বুধবার ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘর পরিদর্শন করেন।
