পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার নিয়ে আলোচনা

আপডেট : ২১ মে ২০১৯, ০০:০৮

ব্যবহারিক

মো. জাহিদুজ্জামান জাহিদ, শিক্ষক, পদার্থবিজ্ঞান

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।

আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত। বিজ্ঞান হচ্ছে জ্ঞানের বিশেষ রূপ যা বিজ্ঞানীরা দিয়ে থাকেন। বিজ্ঞানের প্রতিটি সূত্র পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই প্রতিষ্ঠিত বা বিশ্বাসযোগ্য করতে হয়। এক্ষেত্রে তত্ত্বীয় ও ব্যবহারিক উভয় পদ্ধতিতে তা প্রতিষ্ঠিত করতে হয়। পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে তত্ত্বীয় এবং ব্যবহারিক উভয় ক্ষেত্র খুবই গুরুত্বপূর্ণ। ব্যবহারিক ক্লাসগুলোতে শিক্ষার্থীদের দলবদ্ধ হয়ে কাজ করার সুযোগ হয়। ফলে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাব, বন্ধুত্বপূর্ণ আচরণ, গবেষণার মনোবৃত্তি সৃষ্টি হয়। অনেক সময় তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হয়, সৃজনশীল কাজে উদ্ধুদ্ধ হয়।

পরীক্ষাগারের ছোট ছোট সমস্যাগুলো সমাধান করে যেমন তাদের ভেতরে আত্মপ্রত্যয় সৃষ্টি করে তেমনি সহনশীলতা লাভ করে।

শিক্ষার্থীরা কর্মজীবনের বড় বড় সমস্যাগুলো মোকাবেলা করে তার সহজ সমাধানে পৌছাতে পারে। তাহলে বলা যায়, ব্যবহারিক ক্লাস হচ্ছে আগামী দিনের কর্মের কর্মশালার পূর্ব প্রস্তুতি । আজ শিল্প ও বিশ্বায়নের যুগে প্রত্যেককে যথাযথভাবে পূর্ণ দক্ষ ও অভিজ্ঞ সম্পন্ন হতে হবে তা না হলে প্রতিযোগিতার ক্ষেত্রে পিছনে পড়ে থাকতে হবে। কর্মমুখী শিক্ষার ক্ষেত্রে ব্যবহারিক ক্লাসের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে।

আমাদের জীবনের প্রতিটি কাজের সাথে মাপ জোখের ব্যাপারটি জড়িত। ব্যবহারিক ক্লাশ থেকে মাপ জোখের বিষয়গুলো আমরা শিখতে পারি।

পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। তার কিছু নিয়ে আজ আলোচনা করা হলো।

মিটার স্কেল, ভার্নিয়ার স্কেল ও স্লাইড ক্যালিপার্স সম্পর্কে ধারনা, কার্যাবলী সম্পর্কে বর্ণনা:

 

পরীক্ষাগারে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র হলো মিটার স্কেল। প্রদর্শিত (চিত্র ১.১) সাধারণ মিটার স্কেল দ্বারা মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য নির্ভুল ভাবে পরিমাপ করতে পারি। এই স্কেলের সাহায্যে মিলিমিটারের ভগ্নাংশ যেমন ০.১ মিমি, ০.২ মিমি, ০.৩ মিমি ইত্যাদি আমরা পরিমাপ করতে পারব না।

তাই মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশ নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট স্কেল সংযুক্ত থাকে তাকে ভার্নিয়ার স্কেল বলে। প্রদর্শিত (চিত্র-১.২) করা হয়েছে। পরের অংশ আগামীকাল