রাজনীতির নামে বিরোধী দলের নৃশংসতা বন্ধ হওয়া প্রয়োজন

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ২২:০৩
বন ও পরিবেশ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল হরতালের নৃশংসতায় আহতদের দেখতে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। এ সময় হাছান মাহমুদ বলেন, রাজনীতির নামে বিএনপি-জামায়াতের এ নৃশংসতা ও বর্বরতা বন্ধ হওয়া প্রয়োজন। কারো ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা বিধানের জন্য জনগণকে জিম্মি করা চলে না। এ ধরনের অপরাজনীতি বন্ধ করতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বন ও পরিবেশ মন্ত্রী বলেন, হরতালে যারা আহত হয়েছেন তাদের কাছে বিরোধী দলীয় নেত্রীর ক্ষমা চাওয়া উচিত। মন্ত্রী বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলেও প্রধানমন্ত্রী খোলা মন নিয়ে সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। বিরোধী দলের উচিত জনগণকে জিম্মি করার রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রীর প্রস্তাবে সাড়া দেয়া। গত ছয়দিনের হরতালে বোমার আঘাতে আহত হয়ে মোট ১০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে ১৬ বছরের মনির গতকাল সকালে মারা যায়। এছাড়া আরো ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। মন্ত্রী সরেজমিনে দেখতে গিয়ে আহতদের চিকিত্সার খোঁজ-খবর নেন। এসময় তিনি আহতদের ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।