জাতীয় সংসদে পাসকৃত ‘গ্রামীণ ব্যাংক আইন ২০১৩’ এর প্রতিবাদে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। গতকাল দুপুরে মিরপুরস্থ প্রধান কার্যালয়ে অবস্থান কর্মসূচিও পালন করেন তারা।
এসময় গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির সভাপতি মোঃ সামশুল আলম বলেন, ‘গ্রামীণ ব্যাংক আইন ২০১৩’ এর মাধ্যমে রাজনীতিকরণ করে গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার পাঁয়তারা চলছে। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে কাজ করে যাচ্ছিল বলেই গ্রামীণ ব্যাংক জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছে। নতুন আইন অনুযায়ী সরকার কর্তৃক নিযুক্ত নির্বাচন কমিশনার এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে পরিচালক নির্বাচন হবে। এতে নির্বাচন প্রক্রিয়ায় রাজনীতির প্রভাব পড়বে। ফলে কেন্দ্র ও শাখায় সদস্যদের মধ্যে দলীয় কোন্দল, মারামারি এবং হানাহানি সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। এতে যে বিশৃংখলার সৃষ্টি হবে তাতে ঋণ আদায় ও ঋণ বিতরণ প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই গ্রামীণ ব্যাংকের স্বকীয়তা বজায় রেখে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে পূর্বের অবস্থা বহাল রাখার জন্য সরকারের কাছে আবেদন করেন তিনি।
পরবর্তী কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি ইত্তেফাককে জানান, এ আইন বাস্তবায়ন না করার জন্য রাষ্ট্রপতির কাছে শিগগিরই স্মারকলিপি দেয়া হবে। এসময় গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মহসিন রেজাসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
