গার্মেন্টস শ্রমিকদের নিয়ে কাজ করে এমন ৪৫টি শ্রমিক সংগঠনের নেতারা বলেছেন, সামান্য পুঁজি বিনিয়োগ করে শ্রমিকদের শ্রম আর ঘামের ফসল লুটে নিয়ে এ শিল্পের অর্জিত দেশি-বিদেশি সকল সম্পদ ও কারখানার দায়িত্ব রাষ্ট্রকে প্রদান করলে শ্রমিকরাই এ শিল্পের উত্পাদন চালু রেখে সকল দায়িত্ব গ্রহণে প্রসু্তত আছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রমিক নেতারা এসব কথা বলেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শ্রমিক নেতা কাজী রুহুল আমিন।
শ্রমিক নেতারা বলেন, মজুরি বোর্ডের সুপারিশ গার্মেন্টস শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য নয়। তারা দাবি জানিয়েছে। আগামী ২০ নভেম্বরের মধ্যে জীবনযাপন উপযোগী মজুরির দাবি মানা না হলে গার্মেন্টস শ্রমিক মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
শ্রমিক নেতা এ্যাডভোকেট দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা আবুল হোসেন, আমিরুল হক আমিন, শহিদুল্লাহ বাদল, মন্টু ঘোষ, লুত্ফন নাহার লতা, সালেহ উদ্দিন স্বপন, তৌহিদুর রহমান, জাহানারা বেগম, আনোয়ারা বেগম প্রমুখ।
