নির্বাচন বর্জন না করতে খালেদা জিয়ার প্রতি ইইউ’র অনুরোধ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ২২:৪৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বয়কট না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেইসঙ্গে সংলাপের মাধ্যমে চলমান সংকট নিরসনের তাগিদ দিয়ে আর হরতাল কর্মসূচি না দেয়ার জন্যও ইইউ অনুরোধ করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে বৈঠকের পর ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা সাংবাদিকদের এ কথা জানান। অবশ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি না হলে তাতে অংশ না নেয়ার কথা জানিয়েছে বিএনপি। উইলিয়াম হানা সাংবাদিকদের বলেন, সহিংসতার মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন তারা। ইইউ’র পক্ষ থেকে বলা হয়েছে-তারা সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। এজন্য আলোচনার প্রধান ভূমিকা সরকারেরই নেয়া উচিত। ইইউ মনে করে, হরতাল অর্থনীতির পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন বিঘ্নিত করে। এজন্য এ ধরনের কর্মসূচি দেয়া থেকে বিরত থাকতেও বিরোধী দলকে অনুরোধ জানিয়েছেন তারা। এক প্রশ্নের জবাবে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া হানা বলেন, বাংলাদেশে অতীতেও নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠিয়েছে। এবারও পাঠানোর প্রস্তুতি রয়েছে। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই বৈঠকে অন্যদের মধ্যে ইংল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, স্পেন, সুইডেন ও নেদারল্যান্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান।