আজীবন কারাবাসের বিরুদ্ধে আলীমের আপিল

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ২২:৪৭
মানবতাবিরোধী অপরাধের দায় থেকে খালাস চেয়ে আপিল করেছেন সাবেক মন্ত্রী আজীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল আলীম। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া এ রায়ের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়। আপিলে মানবতাবিরোধী অপরাধের দায় থেকে অব্যাহতি দিয়ে তাকে বেকসুর খালাস দেওয়ার আবেদন জানানো হয়েছে। তার পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন আপিলটি দাখিল করেন। তবে আলীমের সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিল করা হবে কিনা- সেই বিষয়টি ভেবে দেখছে রাষ্ট্রপক্ষ। আলীমের আইনজীবী এম তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে ১৭টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে নয়টিতে ট্রাইব্যুনাল তাকে শাস্তি দিয়েছে। ১২০টি যুক্তি তুলে ধরে মানবতাবিরোধী সব অভিযোগ থেকে তার খালাস চেয়েছি। এছাড়া আপিলে বলেছি, দুর্বল যুক্তির উপর ভিত্তি করে আলীমকে শাস্তি দেয়া হয়েছে। প্রসঙ্গত, একাত্তরের মুক্তিযুদ্ধে জয়পুরহাটে রাজাকার বাহিনীকে সঙ্গে নিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর দায়ে গত ৯ অক্টোবর আবদুল আলীমকে আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল-২।