মানবাধিকার সংগঠন অধিকারের দুই কর্মীর বিরুদ্ধে মামলার কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বুধবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, কর্তৃপক্ষের উচিত জামিন না পাওয়া অধিকারের পরিচালক নাসিরুদ্দিন এলানকে দ্রুত মুক্তি দেয়া। বিবৃতিতে আরো বলা হয়, সংগঠনটির সম্পাদক আদিলুর রহমান খানের বিরুদ্ধেও মামলা চলছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সংগঠনটির একটি প্রতিবেদনের কারণে এই দুই মানবাধিকার কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এইচআরডব্লিউ’র এশীয় পরিচালক ব্রাড এডামস বলেন, তথ্য প্রকাশের জন্য মামলা না করে বরং অধিকারের প্রতিবেদন অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি কর্তৃপক্ষের তদন্ত করে দেখা উচিত। বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে সমালোচকদের স্তব্ধ করার চেষ্টা হিসেবে আদিলুর রহমান ও নাসিরুদ্দিন এলানের বিরদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
