এক নজরে সব বিষয়

যোগ্যতাভিত্তিক প্রশ্নে কোন ভয় পাবে না

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ১৯:০৪
সিএম মিরাজুল ইসলাম প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল কলেজ ঢাকা বাংলা প্রশ্ন: বাংলায় ভালো নাম্বার পাওয়া জন্য কী কী করতে হবে? উত্তর: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার নতুন সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী বাংলায় ভাল করতে হলে বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হবে। পরীক্ষায় ভাল নম্বর পাওয়ার প্রথম ও প্রধান শর্ত পরীক্ষার উত্তরপত্রে ভাল উপস্থাপনা, সুন্দর হাতের লেখা, নির্ভুল বানান, মানসম্মত উত্তর লেখা। বর্তমান পদ্ধতিতে বাংলায় বেশি নম্বর পাওয়ার জন্য শব্দার্থ, শুদ্ধিকরণ, সমার্থক শব্দ, ভাষা পরিবর্তন, বিপরীত শব্দ, শূন্যস্থান, নৈর্ব্যক্তিক প্রশ্ন, ফরম পূরণ, যতি চিহ্নের ব্যবহার, সংক্ষিপ্ত প্রশ্ন ও কবিতা সাজিয়ে লেখা প্রভৃতি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য বাংলা পাঠ্যবইয়ের গল্প কবিতা বুঝে বুঝে পড়তে হবে। যোগ্যতাভিত্তিক প্রশ্ন, চিঠি/দরখাস্ত ও রচনা সহজ, সরল, প্রাঞ্জল ভাষায় লিখতে হবে। গণিত প্রশ্ন: গণিত বিষয়ে ভাল করার উপায় কী? উত্তর: বর্তমান সিলেবাস অনুযায়ী গণিত বিষয়ের চারটি অংশ। প্রথম ও দ্বিতীয় অংশে এমসিকিউ ও সংক্ষিপ্ত অংকে ১০+১০=২০ নম্বর। এই ২০ নম্বরের জন্য প্রতিটি অধ্যায়ের সংক্ষিপ্ত অংক বুঝে বার বার চর্চা করতে হবে। তৃতীয় অংশে প্রতিটি অংকের মান ১০। এই অংশে বড় অংক বুঝে বার বার প্রাকটিস করতে হবে। একই সাথে যোগ্যতাভিত্তিক অংকও চর্চা করতে হবে। চতুর্থ অংশ জ্যামিতি। জ্যামিতিতে ফুল নম্বর পেতে হলে চিত্র অংকন ও সংজ্ঞা যথার্থভাবে লিখতে হবে। বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান এবং ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্ন: বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে বেশি নম্বর পেতে হলে কীভাবে পড়তে হবে? উত্তর: নতুন সিলেবাস অনুযায়ী বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ইসলাম ও নৈতিক শিক্ষা প্রতিটি বিষয়কে চারটি অংশে বিভক্ত করা যায়। প্রথম অংশ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) ৪০টি প্রশ্নে ৪০ নম্বর। এই ৪০ নম্বরে ৪০ পেতে হলে পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য যেমন- সন-তারিখ, সংখ্যা, বিখ্যাত জায়গার নাম ও অবস্থান, বৈশিষ্ট্য প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য ভালমত মুখস্থ করতে হবে। দ্বিতীয় অংশে শূন্যস্থান পূরণ ১০ নম্বর। এ অংশে ভাল করতে পাঠ্যবইয়ের অধ্যায়ের শূন্যস্থান পূরণের পাশাপাশি প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ লাইন দাগিয়ে পড়তে হবে। তৃতীয় অংশে সংক্ষিপ্ত প্রশ্ন ১০ নম্বর। MCQ-এর মত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও পারফেক্ট হতে হবে। এমসিকিউ-এর ক্ষেত্রে ১০০% সঠিক উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের ধরন অনুযায়ী এক-দুই-তিন লাইনের মধ্যে পারফেক্ট উত্তর লিখলে ১০ নম্বরে ১০ পাওয়া যাবে। চতুর্থ অংশ বড় প্রশ্ন ৪০ নম্বর। এ অংশে প্রতিটি প্রশ্নের মান ৫। প্রশ্নের উপস্থাপনা, মূল বিষয়বস্তু পয়েন্ট করে লিখলে এবং সমাপ্তি বক্তব্য লিখলে ভাল নম্বর পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক কিছু লিখে প্রশ্নোত্তর বড় না করাই উত্তম। বিজ্ঞানের ক্ষেত্রে যেসব প্রশ্নে চিত্র থাকে সেক্ষেত্রে চিত্র অবশ্যই অংকন করতে হবে। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে কুরআন-হাদিসের উদ্ধৃতি, নবী-রাসুল ও আল্লাহর বাণী উদ্ধৃতি আকারে সংযোজন করে লিখতে পারলে ভাল নম্বর পাওয়া যাবে।