নাগেশ্বরীতে রেলিং ভেঙ্গে ঝুঁকিপূর্ণ মন্নেয়ার কুড়া ব্রিজ যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। যে কোন সময় ঘটতে পারে প্রাণহানি। ফলে চরম দুর্ভোগে রয়েছেন ৬ ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ।
জেলা পরিষদ ১৯৮৬ সালে ভিতরবন্দ-কালিগঞ্জ সড়কের মন্নেয়ার কুড়া বিলের উপর একশত ফুট দৈর্ঘ্যের এ ব্রিজটি নির্মাণ করে। চলাচল করে ভিতরবন্দ, কালীগঞ্জ, কেদার, কচাকাটা, নারায়নপুর ও বল্লভেরখাস ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ । সম্প্রতি জরাজীর্ণ এ ব্রিজের দুপাশের রেলিং ভেঙ্গে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে স্লাব। একটু অসাবধানতায় পথচারী, বাইসাইকেল ও মোটর সাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হচ্ছেন। অতিকষ্টে ব্রিজ পাড়ি দিচ্ছে রিক্সা ভ্যান। উপজেলা প্রকৌশলী মাসুদুজ্জামান জানান, ওই স্থানে একটি গার্ডার সেতু নির্মাণের প্রয়োজন। বরাদ্দ পেলে কাজ করা হবে।
