হানাহানি থেকে দেশকে রক্ষায় আজ রংপুরে শান্তির গণসমাবেশ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২২:১৫
শান্তির অন্বেষায় বাংলাদেশের উদ্যোগে হিংসা-বিদ্বেষ, হানাহানির কবল থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষার প্রত্যয়ে আজ শনিবার রংপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শান্তির গণসমাবেশ। এতে বক্তব্য রাখবেন শোলাকিয়ার ইমাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, মুক্তিযোদ্ধা ও মামা গেরিলা বাহিনীর প্রধান শহীদুল ইসলাম ওরফে গামা মামা, প্রজন্ম ৭১’র কেন্দ ীয় সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরীন আফরোজসহ অন্য নেতৃবৃন্দ। আজ বিকাল ৩টায় স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠেয় এই সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল শুক্রবার দুপুরে আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর গুরুত্ব তুলে ধরা হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত ঐ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক সাখাওয়াত রাঙ্গা, সদস্য সচিব ডা. সৈয়দ মামুনুর রহমান, জাসদ জেলা সভাপতি ডা. একরামুল হক স্বপন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোয়াজ্জেম হোসেন লাবলু, নারীনেত্রী হাসনা চৌধুরী প্রমুখ। সম্মেলনে মুক্তিযুদ্ধকালীন গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধের বিচার ও রায় শুরু হওয়ার পর থেকে ইসলামকে পুঁজি করে বিভ্রান্তিকর ও অপপ্রচারের মাধ্যমে যারা এই বিচার প্রক্রিয়া বানচাল করার অপচেষ্টায় মত্ত তাদের দলমত নির্বিশেষে একযোগে প্রতিহত করার আহ্বান জানানো হয়।