আই এ্যাম এ গ্রেট ফলোয়ার অব ইউ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২২:৪৬
‘আই অ্যাম এ গ্রেট ফলোয়ার অব ইউ অ্যান্ড ইওর আইডিয়াস’। বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে কথাগুলো বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. নাজিব আব্দুল রাজ্জাক। গতকাল শুক্রবার বিকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পঞ্চম বিশ্ব সামাজিক ব্যবসা সম্মেলনে দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ইউনূসের উদ্ভাবিত অনন্যসাধারণ এই পদ্ধতি পৃথিবীকে বদলে দিতে শুরু করেছে। আশা করা যায় যে, সামাজিক ব্যবসার মাধ্যমে একদিন পৃথিবীর বহু সমস্যা কেটে যাবে এবং তরুণরা খুঁজে পাবে এগিয়ে যাবার দিশা। ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করতে গিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, যোগ্য ব্যক্তি হিসাবেই ইউনূস নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। ব্যবসার মধ্যদিয়ে সমস্যা সমাধানের যে পদ্ধতি তিনি উদ্ভাবন করেছেন, এটা খুবই টেকসই একটা বিষয়। আশা করা যায় যে, এই পদ্ধতিকে এগিয়ে নেয়ার মাধ্যমে অনেক সমস্যারই সমাধান খুঁজে পাওয়া সম্ভব। প্রতিটি রাষ্ট্র ও সমাজে অনেক ধরনেরই সমস্যা রয়েছে কিন্তু সেগুলো কোনো দেশের সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। ব্যবসায়ী ও বিনিয়োগকারীদেরকে বেশি বেশি সামাজিক ব্যবসায় যুক্ত করার মাধ্যমে সমস্যা সমাধানের পথকে প্রসারিত করা যেতে পারে। মালয়েশিয়ায় সামাজিক ব্যবসা সমপ্রসারণের জন্য ২০ মিলিয়ন রিংগিত তহবিল বরাদ্দের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী ড. নাজিব আব্দুল রাজ্জাক বলেন, মালয়েশিয়া হল সৃজনশীলতা ও উদ্ভাবনীর দেশ। আমি তরুণদের শক্তিতে বিশ্বাস করি। তরুণরাই উদ্যোক্তা হয়ে উঠবে। কারণ তাদের সামর্থ্য রয়েছে। শক্তি রয়েছে। তরুণদের এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে, তাদের সঠিকভাবে ক্ষমতায়িত করার মাধ্যমে বহু সমস্যার সহজ সমাধান চলে আসবে। সমাজের গুটিকয়েক মানুষের হাতে সব পুঁজি বা সম্পদ থাকলে তা কল্যাণ বয়ে আনতে পারে না। আমাদেরকে পুরানা এই পুঁজিবাদি ভাবনা পরিহার করতে হবে। তিনি কুয়ালালামপুরে সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলন করার জন্য ড. মুহাম্মদ ইউনূস ও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। এর আগে ড. মুহাম্মদ ইউনূস তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজ থেকে ২০ বছর আগে আমি মালয়েশিয়া থেকে একটি পুরস্কার পেয়েছিলাম। সেটি ছিল বর্তমান প্রধানমন্ত্রী নাজিব আব্দুল রাজ্জাকের পিতা এবং মালয়েশিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী তুন আব্দুল রাজ্জাকের নামানুসারে প্রবর্তিত সম্মানজনক ‘তুন আব্দুল রাজ্জাক অ্যাওয়ার্ড’। আজ সেই পুরস্কারের কথা নতুন করে আবার মনে পড়ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নাজিব আব্দুল রাজ্জাকের বিশেষ আগ্রহেই এবারের সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনটি কুয়ালালামপুরে অনুষ্ঠিত হচ্ছে। তার এমন আগ্রহই প্রমাণ করে যে, সামাজিক ব্যবসার ক্ষেত্রে মালয়েশিয়া একদিন ইতিহাস সৃষ্টি করবে। কারণ এই দেশ শুধু নিজেদের উন্নয়ন ও সমস্যার সমাধানই করে না, তারা বিশ্বকেও অনেক ক্ষেত্রেই নেতৃত্ব দিচ্ছে। তিনি বলেন, চ্যারিটির অর্থ একবার দিলে আর ফিরে আসে না। কিন্তু সামাজিক ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ আরও শক্তিশালী হয়ে বারবার ফিরে আসে। তাই সমস্যা সমাধানের জন্য এটি অত্যন্ত কার্যকর ও টেকসই পদ্ধতি হিসাবে প্রমাণিত। যেহেতু মানুষ ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে থাকতে ভালবাসে এবং সনাতনী ব্যবসায় অধিক মুনাফার মনোবৃত্তির বিরাজমান, সে কারণেই বিশ্বজুড়ে সামাজিক ব্যবসার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি তরুণদের সামর্থ্য ও উত্সাহের প্রশংসা করে বলেন, তারাই সামাজিক ব্যবসা সমপ্রসারণের মাধ্যমে আগামী বিশ্বকে অনেকাংশে সমস্যামুক্ত করে তুলবে। প্রসঙ্গত, পঞ্চম বিশ্ব সামাজিক ব্যবসা সম্মেলন গত ৭ নভেম্বর কুয়ালালামপুরের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। আজ শনিবার শেষ হবে তিনদিনের এই সম্মেলন। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৫০টি দেশ থেকে প্রায় ৬০০ প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে সর্বোচ্চ প্রায় ৫৫ জনের একটি প্রতিনিধি দল রয়েছে এই সম্মেলনে। এদের মধ্যে রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান, বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক, সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. আসিফ নজরুল, ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্সের পরিচালক তারিন হোসেন প্রমুখ। গতকাল সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন অধিবেশনে আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব সোশ্যাল বিজনেসের পরিচালক মার্টিন লফলার, ড্যানোন গ্রুপের প্রধান পরিচালক কর্মকর্তা ইমানুয়েল ফাবার, ইউনূস সোশ্যাল বিজনেসের সিএফও সোফি এইজনম্যান, গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল মাইক্রোফিন্যান্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জেন লুক পেরন, গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিটের প্রধান হানস রিইটজ, ইউভিএস ইনভেস্টমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক লুেফ সিদ্দিকী। মালয়েশিয়া ইউথ ট্রাস্ট ফাউন্ডেশন মাই হারাপানের নির্বাহী পরিচালক নুরফারিনি দাইয়ং প্রমুখ। এছাড়া সোশ্যাল বিজনেস পিডিয়া নামে সামাজিক ব্যবসা সম্পর্কিত একটি ওয়েব পোর্টালের পরিকল্পনা উপস্থাপন করা হয় সম্মেলনে। পরবর্তী বিশ্ব সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোতে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলমান পঞ্চম বিশ্ব সামাজিক ব্যবসা সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল এই ঘোষণা দেয়া হয়। হেড অফ গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট হানস রিইটজ মহুর্মুহু করতালির মধ্যে ঘোষণা করেন যে, ২০১৪ সালের গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট অনুষ্ঠিত হবে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে। তার এই ঘোষণায় কুয়ালালামপুর সম্মেলনে অংশগ্রহণকারী মেক্সিকোর প্রতিনিধিরা হর্ষধ্বনি দিয়ে উল্লাস প্রকাশ করেন। প্রসঙ্গত, ২০০৯ সালে জার্মানিতে অনুষ্ঠিত হয় প্রথম গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট। সর্বশেষ ২০১২ সালে চতুর্থ শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।