নগর সংস্কৃতি

নূপুর নিক্বণে মুখর ছায়ানট

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২২:৪৬
নূপুরের নিক্বণে মুখর হয়ে উঠেছে ছায়ানট সংস্কৃতি ভবন। গতকাল শুক্রবার থেকে ছায়ানট আয়োজন করেছে দুদিনের নৃত্য উত্সব। নাচ শিল্পকলার অন্যতম জনপ্রিয় মাধ্যম। আর বিদগ্ধজনদের কাছে শাস্ত্রীয় নৃত্য সবসময়েই বাড়তি আনন্দ এনে দেয়। ছায়ানটের নৃত্য উত্সবে নানা মুদ্রা, অভিব্যক্তির এক অপূর্ব সমন্বয়ে মুগ্ধ হলেন দর্শকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নৃত্যশিল্পীরা অংশ নিয়েছেন এ উত্সবে।গতকাল শুক্রবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি ভবনের মূল মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিলের স্বাগত কথনের মধ্য দিয়ে শুরু হয় দুইদিনের এ আয়োজন। এরপর ছায়ানট বিদ্যায়তনের নৃত্য বিভাগের শিক্ষকদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। শুরুতেই মঙ্গলাচরণ ও মন্দিরা নর্তন বিষয়ের উপর মনিপুরী নৃত্য পরিবেশন করেন ছায়ানট বিদ্যায়তনের নৃত্য বিভাগের শিল্পীরা। একই বিষয়ের উপর দ্বৈত নৃত্য পরিবেশন করেন সোনিয়া রশীদ ও ফারাহানা আহমেদ। মনিপুরী নৃত্যকলার মাধ্যমে শিবস্তুতি করেন নৃত্যশিল্পী সুইটি দাশ। এরপর ছিলো ভরতনাট্যম পরিবেশনা। শুরুতেই সৃষ্টি কালচারাল সেন্টারের শিল্পীরা বন্দম্ ও কীর্তনম্ বিষয়ের উপর নৃত্য পরিবেশন করেন। এরপর অমিত চৌধুরী ও পূজা সেনগুপ্ত একক নৃত্য পরিবেশন করেন। এরমধ্যে পূজা অণ্ডাল পাদম্ বিষয়ের উপর নৃত্য পরিবেশন করেন। ওড়িশি নৃত্যের পরিবেশনা ছিল একটিই। সেটি পরিবেশন করেন নৃত্যশ্রীর শিল্পীরা। কত্থকে একক নৃত্য পরিবেশন করেন মুনমুন আহমেদ, তাহনিনা ইসলাম ঝুমি, তাবাস্সুম আহমেদ ও মেহরাজ হক তুষার। দলীয় নৃত্য পরিবেশন করেন রেওয়াজ পারফর্মার্স স্কুলের শিক্ষার্থীরা। আজ শনিবার দ্বিতীয় দিনের উত্সব অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এদিন মনিপুরী নৃত্য পরিবেশন করবেন তামান্না রহমান, ওয়ার্দা রিহাব, শুব্রত দাশ ও নৃত্যম নৃত্যশীল কেন্দ্রের শিল্পীরা। যৌথভাবে ভরতনাট্যম উপস্থাপন করবে জাগো আর্ট সেন্টার ও ছায়ানটের শিল্পীরা এবং একক পরিবেশনায় অংশ নেবেন সালমা বেগম মুন্নী ও শুক্লা সরকার। র্যাচেল প্রিয়াংকা প্যারিস উপস্থাপন করবেন গৌড়ীয় নৃত্য। দলীয়ভাবে কত্থক নৃত্য পরিবেশন করবে নৃত্যাঞ্চল ও কত্থক নৃত্য সম্প্রদায়ের শিল্পীরা এবং একক পরিবেশনায় অংশ নেবেন কানিজ ফাতেমা, মাসুম হুসাইন ও স্লাতা শাহিরন। ছায়ানটের এ আয়োজনে সহযোগিতা করছে স্কয়ার ও গ্রামীণফোন। মিডিয়া সহযোগী হিসাবে রয়েছে মাছরাঙা টেলিভিশন। সম্মাননা পেলেন আমিনা আহমেদ গুণীজন সম্মাননা পেলেন রবীন্দ্রসংগীত শিল্পী আমিনা আহমেদ। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননার পাশাপাশি ছিল সংগীতানুষ্ঠান। ছিল আলোচনাও। এতে অংশ নেন শিল্পী তপন মাহমুদ, সাদী মহম্মদ, সাজেদ আকবর, মিন্টু কৃষ্ণ পাল প্রমুখ। দৃকে শুরু প্রজাপতিবিষয়ক প্রদর্শনী প্রজাপতি মানেই বর্ণময় রঙের ছন্দবদ্ধ ডানা। অদ্ভুত সুন্দর পাখায় ছড়িয়ে থাকে রংয়ের বাহারি দ্যোতনা। ধানমণ্ডির দৃক গ্যালারির দেয়ালে এখন শোভা পাচ্ছে নানা প্রজাপতির আলোকচিত্র। দেশের ৮টি জেলা ঘুরে এই প্রজাপতির ছবিগুলো তুলেছেন বাটারফ্লাই অব বাংলাদেশ ইনভেন্টরি দলের একঝাঁক তরুণ। দলটি প্রজাপতির ছবি তোলার পাশাপাশি সেগুলোর সনাক্তকরণ ও আবাসস্থলসহ নানা তথ্য সংগ্রহ করেছে। সেইসব ছবি নিয়ে গতকাল শুক্রবার থেকে শুরু হল ‘ছবি দেখে শেখা’ শীর্ষক সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। গতকাল বিকালে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সংগঠন আইইউসিএন’র বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রদর্শনীর পৃষ্ঠপোষক এইচএসবিসি ব্যাংকের বাংলাদেশ শাখার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার স্টিফেন জন বল। এছাড়াও বক্তব্য রাখেন ইনভেন্টরি দলের উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন ও দলপ্রধান মীর্জা শামীম আহসান হাবিব। প্রদর্শনীতে সব মিলিয়ে ৬৪ প্রজাতির প্রজাপতির ৮২টি ছবির দেখা মিলবে। প্রদর্শনী চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। বিকাল ৩টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।