ইউরোপের মতো ঘরে ঘরে শিক্ষা, স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২২:৪৮
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রথমবারের মতো রাজনৈতিক সফরে সিলেটে এসেছেন। গতকাল শুক্রবার বিকালে তিনি সিলেট পৌঁছে প্রথমেই হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে তিনি দু’টি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে ইউরোপের মতো ঘরে ঘরে শিক্ষা, স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার চলমান কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করা হবে। সজীব ওয়াজেদ জয়ের সফরসঙ্গী হিসেবে রয়েছেন শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিক রুপন্তি, শেখ রেহানার মেয়ের জামাই ক্রিস পার্সি, সংসদ সদস্য নসরুল হামিদ দিপু প্রমুখ। জয় বিকাল সাড়ে ৩টায় বিমানপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে দলীয় নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানান। জয় বিমানবন্দর লাউঞ্জে দাঁড়িয়ে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। পরে মোটর শোভাযাত্রা সহকারে তিনি সিলেট সার্কিট হাউসে গিয়ে পৌঁছেন। সন্ধ্যায় সজীব ওয়াজেদ জয় নগরীর শাহজালাল উপশহরে রোজভিউ হোটেলে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দুইশ’ শিক্ষক-শিক্ষার্থীর সাথে মতবিনিময় করেন। এসময় তাদের বিভিন্ন প্রশ্নের জবাবে জয় বলেন, তরুণরা হচ্ছে দেশের প্রাণ। তাদেরকে কাজে লাগাতে হবে। জয় বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়। এজন্য আন্দোলন করছে। তারা ক্ষমতায় গেলে দেশে আবার সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি হবে। জয় আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, শফিকুর রহমান চৌধুরী এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপি প্রমুখ। রাতে তিনি নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজতি কর্মী সভায় বক্তব্য রাখেন। আজ শনিবার সকালে জয় মৌলভীবাজারের বড়লেখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত জনসভায় যোগ দেবেন।