বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড ফিলিপাইন

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২২:৪৮
চলতি বছরের সবচেয়ে প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড় হাইয়ান আঘাত হেনেছে ফিলিপাইনে। ঘণ্টায় প্রায় ৩২০ কিলোমিটার (১৯৯ মাইল) বেগে অন্তত ২০টি প্রদেশে আঘাত হানে এই ঘুর্ণিঝড়। এই প্রলয়ঙ্করী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে দেশটির বিস্তীর্ণ এলাকায়। এতে প্রাথমিকভাবে ৩ জন নিহত হবার খবর পাওয়া গেছে। তবে ঘুর্ণিঝড়টি আঘাত করার আগেই লাখ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। যেকারণে প্রাণহানির ঘটনা এত কম ঘটেছে। তবে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়াবিদ রোমিও কাজুলিস জানিয়েছেন, শুক্রবার ভোরে হাইয়ান সামার প্রদেশের উপকূলে আঘাত হানে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘুর্ণিঝড়টির গতি-প্রকৃতি সর্ম্পকে স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া তথ্যে এটিকে ভূখণ্ডে আঘাত হানা সর্বকালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘুর্ণিঝড়টি ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় সামার প্রদেশের গুইউয়ান শহর থেকে ৬২ কিলোমিটর দক্ষিণ-পূর্বে ছিল বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর। যে পথে ঘূর্ণিঝড়টির স্থলভাগ অতিক্রম করার কথা সেই পথ বরাবর সব স্কুল ও দপ্তর বন্ধ রাখা হয়েছে। মারাত্মক ক্ষতির ভয়ে সংশ্লিষ্ট এলাকার লাখ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়। প্রবল বাতাসের তোড়ে ভেঙে পড়া গাছপালায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, এতে ত্রাণ কার্যক্রমের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে। ঝড়ের সাথে ছিল একটানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঝড় এতই শক্তিশালী ছিল যে ঘরের টিনের চালগুলো ঘুড়ির মতো আকাশে উড়ছিল।