ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২২:৪৯
অসহনীয় যানজটে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কার্যত স্থবির হয়ে আছে। পাঁচ কিলোমিটার পথ যেতে অনেক ক্ষেত্রে সময় লাগছে পাঁচ ঘণ্টার বেশি। হরতালের পর থেকে মহাসড়কে ছিল বাড়তি গাড়ির চাপ। দ্রুত গন্তব্যে পৌঁছতে চালকদের মধ্যে ছিল তাড়া। কিন্তু এসব সামাল দিতে হাইওয়ে পুলিশও তেমন সক্রিয় ছিল না। এর জের ধরে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয় যানজট। এই রিপোর্ট লেখার সময় গতকাল শুক্রবার রাত আটটা পর্যন্ত পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ফেনীর মুহুরীগঞ্জ এবং লালপুল এলাকায় বেশ কিছু ভারি যানবাহন দাঁড়িয়ে থাকায় যানজটের শুরু হয়। বাসের চালক ও যাত্রীরা অভিযোগ করেছেন, রাতে যানজট নিরসনে কোনপ্রকার চেষ্টাই করেনি সংশ্লিষ্ট এলাকার হাইওয়ে পুলিশ। এরপর শুক্রবার সকাল থেকে যানজট বাড়তে বাড়তে আয়ত্তের বাইরে চলে যায়। মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা গেছে, দূরপাল্লার গাড়ির যাত্রীদের চরম দুর্ভোগ আর হাহাকার। যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, মহাসড়কের মিরসরাইয়ের মিঠাছড়া থেকে বারইয়াহাট পৌর বাজার এলাকা পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লেগেছে সাড়ে পাঁচ ঘণ্টার মত।