নোয়াখালীতে বন্দুক যুদ্ধে জলদস্যু বাহিনীর প্রধানসহ নিহত ৩

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২২:৫১
জেলার সুবর্ণচরের দক্ষিণ চর মজিদে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে জলদস্যু কালু সর্দার বাহিনীর প্রধানসহ ৩ জন নিহত ও ৫ পুলিশ আহত হয়েছে। নিহতরা হলেন—বাহিনীর প্রধান কালু মিয়া (৪০), তার সেকেন্ড ইন কমান্ড ভোলাইয়্যা রুবেল (২৪) ও বডিগার্ড রিপন (২৭)। আল আমিন ফিসারিজের প্রজেক্টের পাশে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় চরজব্বার থানার ওসি এ. কে. এম এনামুল কবির, পুলিশ লাইনের ইন্সেপেক্টর ফারুক, এস. আই লিটন ও ২ কনস্টেবল দস্যুদের ছররা গুলিতে আহত হন। পুলিশ তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার বন্দুক, ৩ রাউন্ড বন্দুকের কার্তুজ ও ২ রাউন্ড রাইফেলের গুলি, একটি ছোরা ও একটি সিগন্যাল লাঞ্চার উদ্ধার করে। পুলিশের এসপি মো. আনিসুর রহমান বলেন, ১০-১২ জনের একটি জলদস্যু দল আল-আমিন প্রজেক্ট এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ গোপন খবরে আমি পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ ও চরজব্বার থানার ওসিসহ অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই। দস্যুরা আমাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ৩ জলদস্যু নিহত ও ৫ পুলিশ আহত হয়। নিহত দস্যুদের বিরুদ্ধে চরজব্বার ও রামগতি থানায় হত্যা, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ওসি জানান, এ ঘটনায় এস. আই লিটন বাদী হয়ে ৩টি মামলা দায়ের করেছেন।