নাশকতা রোধে পুলিশকে সতর্ক থাকতে হবে :আইজিপি

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২২:৫১
অতীতের ন্যায় আগামীতেও সুদৃঢ় মনোবল, প্রায়োগিক কর্মকৌশল ও প্রজ্ঞার সমন্বয় ঘটিয়ে যেকোন অপ্রীতিকর ও নাশকতামূলক ঘটনা রোধে সজাগ থাকার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ প্রধান (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। গতকাল শুক্রবার সকালে বরিশাল পুলিশ লাইন্সে বরিশাল রেঞ্জ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, র্যাব আরআরএফ, এপিবিএন এবং বিকালে খুলনা জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে খুলনা রেঞ্জ, খুলনা মেট্রোপলিটন পুলিশ, র্যাব, আরআরএফ ও এপিবিএন-এর সদস্যদের সাথে পৃথক দুটি মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান। আইজিপি বলেন, নিবিড় জনসংযোগ ও জনসচেতনতা বাড়িয়ে সকলকে একযোগে দৃঢ়তার সাথে কাজ করে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে সচেষ্ট হতে হবে। দায়িত্ব পালনে কারো ন্যূনতম গাফিলতি কোন অবস্থাতেই বরদাশত করা হবে না বলে তিনি পুলিশ সদস্যদের সতর্ক করে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শামসুদ্দিন, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, বরিশাল রেঞ্জের ডিআইজি ডা. মোঃ আবদুর রহিম, এপিবিএন, আরআরএফ ও র্যাবের কমান্ড্যান্টগণ, খুলনা ও বরিশাল মেট্রোপলিটন ও রেঞ্জের সকল উপ-পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জগণসহ পুলিশ, র্যাব, এপিবিএন ও আরআরএফ এর সদস্যরা।