যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছয়দিনের হরতালে ২৮ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে আটজন শিশু। সবচেয়ে বড় কথা হল, হরতাল আমাদের ভবিষ্যত্ জীবন অন্ধকার করে দেয়। গতকাল শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গণভবনের দরজা খোলা। বিরোধী দলীয় নেত্রী যখন চাইবেন তখনই আসতে পারেন। আমরা খোলা মনে অপেক্ষায় আছি। ইউরোপীয় ইউনিয়নও বলেছে, বিএনপির নির্বাচন বর্জন করা ঠিক হবে না। তিনি উল্লেখ করেন, হরতালে নেতারা আরাম-আয়েশে ঘরে থাকে। খেটে খাওয়া মানুষের ক্ষতি হয়। আর অনিশ্চয়তার মধ্যে থাকে ছাত্র-ছাত্রীরা। বাসে, ট্রেনে আগুন দেয়া হয়।
এর আগে দুপুরে তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলায় মুক্তিযোদ্ধার মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন। সেখানে তিনি বলেন, মানুষ হরতাল চায় না, শান্তি চায়, চায় দুই নেত্রীর মধ্যে খোলামেলা শর্তহীন সংলাপ। আর সকল দলের অংশগ্রহণে সুন্দর ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন।
